ব্যর্থতা ঢাকতে যুদ্ধাপরাধের বিচার ও সংবিধান সংশোধন: জামায়াত
জামায়াতে ইসলামী গতকাল বৃহস্পতিবার বলেছে, বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। আর এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্যই তারা যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলছে। জামায়াতের গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জনমত সংগঠিত করতে কর্মসূচির অংশ হিসেবে চলমান মতবিনিময় সভায় এ কথা বলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেল। গতকাল বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজনে জামায়াতপন্থী ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করে দলটি।প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, ‘সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য নানা ইস্যু তুলছে। বাহাত্তরের পর পানি অনেক গড়িয়েছে। ’৭৪ গেছে, ’৭৫ গেছে। আবার সেদিকে যাবেন কেমনে?’ক্ষমতাসীন দলের সমালোচনা করে মকবুল আহমাদ বলেন, ‘আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়।’বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, এই সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি, গোলাগুলিতে সরকার উন্নতি করেছে। সীমাহীন ব্যর্থতা ঢাকার জন্যই তারা যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলছে।বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে সরকারের উদ্যোগের বিষয়ে এ টি এম আজহার বলেন, ‘চাইলেও এটা করা যাবে না। এটা বাহাত্তর নয়, ২০১০ সাল। সংবিধান থেকে বিসমিল্লাহ্, আল্লাহ্র ওপর আস্থা ও বিশ্বাস এবং রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দিতে পারবেন না। এটা করলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।’সরকারি দলের একাধিক নেতা ইতিমধ্যে বলেছেন, বাহাত্তরের সংবিধানে ফিরে গেলেও পরবর্তী সময়ে সংযোজিত বিসমিল্লাহ্ তুলে দেওয়া হবে না।