ব্যর্থতার দায় স্বীকার করে সরকারের ক্ষমতা ছাড়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেওয়া। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গত শনিবার আবু বকর সিদ্দিকের পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। আবু বকরের বাবা মোহাম্মদ রুস্তম আলী, মা রাবেয়া খাতুন ও ভাই আব্বাস আলী তাঁর সঙ্গে দেখা করেন। ৩ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র আবু বকর নিহত হন। খালেদা জিয়া আবু বকরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং রাবেয়া খাতুনের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেন। এই পরিবারের পাশে না দাঁড়ানোর জন্য তিনি সরকারের সমালোচনা এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও অচল হয়ে আছে। তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশ আরও পিছিয়ে যাবে। তাই সরকারের উচিত এত সব ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। খালেদা জিয়া বলেন, কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারদলীয় ছাত্রসংগঠনের হাতে জিম্মি হয়ে পড়েছে। চাঁদাবাজি আর টেন্ডারবাজির কারণে উন্নয়নমূলক কাজ ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আচরণ মোটেই শোভন ছিল না বলে মন্তব্য করেন খালেদা জিয়া। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আহমেদ আজম খান, শহীদ উদ্দিন চৌধুরী, জয়নাল আবদিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।মত্স্যজীবী দলের নেতাদের সাক্ষাত্: ইউএনবি জানায়, ভবিষ্যত্ আন্দোলনের জন্য দল এবং অঙ্গসংগঠনগুলোকে শক্তিশালী ও প্রস্তুত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের নেতারা বেগম জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাত্ করতে এলে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘যেকোনো সংকট মোকাবিলায় আপনারা সংগঠনকে শক্তিশালী করুন।’