ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের উপদেশ শুনলে বাংলাদেশের অগ্রগতি ব্যাহত ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না।প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদেরা দেশ চালাতে না পারলে, কে চালাতে পারবে? ২০০৭ সাল থেকে দুই বছর দেশ চালিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। তারা দেশ ও জনগণের জন্য কী করেছে? ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও-কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির ৪০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।বাংলাদেশ শান্তি পরিষদ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘দেশে এক-এগারোর পরে যারা সাধারণ নির্বাচনই দিতে পারেনি, আমরা কেন তাদের সবক শুনব?’গণতন্ত্র জনগণের অধিকার ও সুযোগ—এ কথা উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর জনগণের এ অধিকার ও সুযোগ বারবার ছিনিয়ে নেওয়া হয়েছে। কিছু শিক্ষিত ও সুশীল সমাজের সদস্য একে সমর্থন দিয়েছেন। এখন আবারও দেশে ওই একই ধরনের পরিস্থিতি সৃষ্টির আপাত ভাব পরিলক্ষিত হচ্ছে। বিশ্ব শান্তি পরিষদের নির্বাহী সম্পাদক ইরাক্লিস সাবদারিদিস, সাবেক মন্ত্রী ও নিখিল ভারত শান্তি ও সংহতি সংস্থার সহসভাপতি প্রমোদ চন্দ্র সিনহা এবং নেপাল শান্তি ও সংহতি পরিষদের সদস্য জ্ঞানেন্দ্র বাহাদুর শ্রেষ্ঠ অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এ কাশেম স্বাগত বক্তব্য দেন।প্রধানমন্ত্রী তাঁর বর্তমান সরকারের প্রথম দুই বছরের সঙ্গে বিগত সরকারের দুই বছরের শাসনের তুলনা করতে সাংবাদিকসহ সবার প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমরা দুই বছরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। অথচ সামরিক বাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে দুই বছরে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি। কেননা, তখন কোনো রাজনৈতিক সহিংসতা এবং বিরোধী দল ছিল না। তাহলে তারা কেন দেশ পরিচালনায় ব্যর্থ হবে?’ শেখ হাসিনা বলেন, ‘বিরোধী রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলাম ও প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে স্থলসীমানা বিরোধ মীমাংসার উদ্যোগ নেয়। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমানা বিরোধ নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় দেশের পক্ষে এনেছে। ইনশা আল্ল্লাহ ভারতের সঙ্গে সমুদ্রসীমানা বিরোধ মামলায়ও আমরা বিজয়ী হব।’প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি পরিষদ চার দশক আগে বঙ্গবন্ধুকে জুলিও-কুরি শান্তি পদকে ভূষিত করেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশাল অবদানের জন্য এটি ছিল একটি আন্তর্জাতিক স্বীকৃতি এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান।