ব্যস্ত এলাকায় ফুটপাত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের প্রধান ব্যবসাকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় থেকে বেতপট্টি হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে হাঁটার পথ (ফুটপাত) নেই। যানবাহনের সঙ্গে মূল সড়ক দিয়েই চলাচল করতে গিয়ে পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
এই এলাকার মধ্যে ব্যাংক, বিমা, বিপণিবিতানসহ উল্লেখযোগ্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিদিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই এক কিলোমিটার এলাকায় মানুষের সমাগম বেড়ে যায়। নগরের বেতপট্টি এলাকায় কেনাকাটা করতে যায় নানা শ্রেণী-পেশার মানুষ। সকাল থেকেই রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য হালকা যানবাহনের ভিড় বাড়তে থাকে। হাঁটার পথ না থাকায় মূল সড়কে যানবাহনের সঙ্গে পথচারীদের চলতে হচ্ছে। ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ছে এবং প্রায়ই যানবাহনের ধাক্কায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি যান চলাচলও ব্যাহত হচ্ছে।
অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, আলাদা পথ না থাকায় রাস্তা দিয়েই হাঁটতে হয়। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে প্রায়ই কোনো না কোনো যানের সঙ্গে ধাক্কা খেতে হয়।
স্কুলশিক্ষক সাবিয়া আক্তার বলেন, এভাবে সড়ক দিয়ে হাঁটা খুবই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া রিকশা, অটোরিকশার চালকদের গালমন্দও শুনতে হয়। বেতপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী এনামুল হক বলেন, ফুটপাত না থাকলে মানুষ তো রাস্তা দিয়েই হাঁটবে। এর ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, যানবাহনের সঙ্গে চলতে গিয়ে পথচারীদের বিড়ম্বনার শেষ নেই।
রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, কিছু এলাকায় নগরের প্রধান সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণ করা হয়েছে। কিছু এলাকায় নির্মাণাধীন রয়েছে। জাহাজ কোম্পানি মোড় থেকে বেতপট্টি হয়ে সুপার মার্কেট পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র এলাকার সড়কে ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে।
রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, নগরের উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে করা হবে। তবে শহরের মূল ব্যবসাকেন্দ্রে মানুষজন যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।