ব্যস্ত এলাকায় ১১০০০ ভোল্টের ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাই ভোল্টেজ, ১১০০০ ভোল্ট, বিপজ্জনক’—এ রকম সাবধানবাণী গায়ে লেখা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বরিশাল নগরের সবচেয়ে ব্যস্ত সদর সড়কের পাশে বিপজ্জনক অবস্থায় রাখা হয়েছে।
প্রায় দেড় মাস আগে ভ্রাম্যমাণ এ ট্রান্সফরমার সদর রোডসংলগ্ন বিবির পুকুরের দক্ষিণপাড়ের সোহেল চত্বরের ফোয়ারার পাশে বসিয়েছে বরিশালের বিদ্যুৎ বিতরণ বিভাগ। অথচ ব্যস্ততম এই রোডে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচলের পাশাপাশি এলাকাটি সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনাকীর্ণ থাকে। বিশেষ করে বিবির পুকুরপাড় এবং পাশের ‘হিরণ স্কয়ার’ নামের অপর একটি বিনোদনকেন্দ্রে প্রতিদিন বিকেলে শত শত লোক সময় কাটাতে আসেন। ট্রান্সফরমারটির পাশেই রয়েছে ১০-১২টি চায়ের দোকান। এর মধ্যে ট্রান্সফরমারটির গা ঘেঁষে আছে দুটি দোকান। এসব দোকানে সারাক্ষণ জ্বলে গ্যাসের চুলা।
সিরাজুল ইসলাম নামের একজন কলেজশিক্ষক বলেন, তাঁরা প্রায় দিনই বিকেলে এখানে ঘুরতে আসেন। বন্ধুরা মিলে সময় কাটান। কিন্তু ট্রান্সফরমারটি বসানোর পর থেকে এখানে তাঁদের দাঁড়াতে ভয় লাগে। আগের মতো স্বচ্ছন্দ বোধ করেন না।
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী মুসাদ্দিক হোসেন বলেন, প্রতিদিনই বন্ধুদের নিয়ে এখানে আড্ডা দেন, চা খান। মাঝেমধ্যে অবচেতন মনে ট্রান্সফরমারটির গ্রিলের ওপর হাত দেন। আবার বিপদের কথা মনে পড়তেই দ্রুত হাত সরিয়ে নেন। তিনি বলেন, এ রকম একটা জনাকীর্ণ এলাকায় ট্রান্সফরমার রাখাটা মোটেই উচিত হয়নি।
ওই এলাকায় চা বিক্রি করেন এমন তিনজন বিক্রেতা প্রথম আলোকে বলেন, আগে তাঁদের বেচাবিক্রি বেশি হতো। ট্রান্সফরমার বসানোর পর কিছুটা হলেও কমেছে। এটি বসানোর পর লোকজন বেশি আসে না।
বিষয়টি নজরে আনলে বিদ্যুৎ বিভাগের একজন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বলেন, ট্রান্সফরমার সব সময় নিরাপদ দূরত্বে থাকাই উচিত। ট্রান্সফরমারকে ঠান্ডা রাখা ও নিরোধকের (ইনসুলেশন) জন্য একধরনের তেল ব্যবহৃত হয়। এই তেল আগুনের সংস্পর্শে এলে স্বাভাবিক জ্বালানির মতো জ্বলে। ফলে এর আশপাশে চুলার ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকার ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি বসানো হয়েছে। এটি লোহার বেষ্টনী দিয়ে এমনভাবে রাখা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কেউ ইচ্ছাকৃতভাবে খোঁচা দিলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে যথা শিগগির আমরা আগের ট্রান্সফরমারটি মেরামত করে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি।’
সাধারণত বৈদ্যুতিক খুঁটির ওপর ট্রান্সফরমার বসানো হয়। কোথাও এই ট্রান্সফরমার বিকল হয়ে গেলে সেখানে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার বসানো হয়। পরে মূল ট্রান্সফরমার মেরামত করে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি সরিয়ে নেওয়া হয়।