ব্যস্ত চার মোড়ে অটো স্ট্যান্ড, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরের ব্যস্ত চার মোড়ে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। স্ট্যান্ডের কারণে প্রতিদিন যানজট লেগেই থাকে। ফলে দীর্ঘদিন ধরে শহরের বাসিন্দারা দুর্ভোগে রয়েছে।
এ বিষয়ে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ‘শহরের ভেতর অটোরিকশার স্ট্যান্ড থাকায় যানজট অনেকাংশে বেড়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমার শহরের একটু বাইরে জায়গা নির্ধারণ করে দিচ্ছি। সেই সব জায়গায় দ্রুত সময়ের মধ্যে স্ট্যান্ডগুলো স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামালপুর শহরের ব্যস্ত এলাকা গেটপাড়, পিটিআই, বসাক পাড়া ও পাঁচরাস্তা মোড়ে অটোরিকশার ওই স্ট্যান্ডগুলো অবস্থিত। ওই সব স্ট্যান্ডের কারণে সকাল থেকে রাত পর্যন্ত যানজট থাকে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, গেটপাড় এলাকার পূর্ব পাশের প্রধান সড়কের পশ্চিম ও পূর্ব পাশে সারিবদ্ধভাবে ১০-১৫টি, পিটিআই মোড় প্রধান সড়কের পূর্ব পাশে ৩০-৪০টি, বসাক পাড়া মোড়ের জামালপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব ও পশ্চিম পাশে ৩০-৩৫ এবং পাঁচরাস্তা মোড়ের কলেজ রোডের পূর্ব পাশে ৩৫-৪০টি অটোরিকশা রাখা হয়েছে। ফলে সড়কগুলোর দুই পাশ দিয়ে যান চলাচল করতে পারছে না। শুধু রাস্তার মাঝামাঝি দিয়ে কিছুসংখ্যক যান চলাচল করছে। অটোরিকশা রাখায় ওই সব মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ওই সব মোড়ের কয়েকজন পথচারী বলেন, শহরের ব্যস্ততম মোড়গুলোতে অবৈধভাবে অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। স্ট্যান্ডের কারণে ওই সব রাস্তা দিয়ে যান চলাচল করতে পারে না। এতে কোনো সড়কে বড় গাড়ি ঢুকলে যানজট ছাড়াতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। কিন্তু যানজট নিরসন বা বাসিন্দাদের ভোগান্তি কমাতে পৌরসভা কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না।
এ বিষয়ে জামালপুরের ট্রাফিক পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘ব্যস্ততম এলাকায় স্ট্যান্ড থাকার কারণে ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। ওই সব এলাকা থেকে স্ট্যান্ড সরানো রাজনৈতিক বিষয় রয়েছে। স্ট্যান্ডগুলো স্থানান্তরের জন্য আমরা শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করেছি। দ্রুত সময়ের মধ্যে স্ট্যান্ডগুলো সরানোর ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, অটোরিকশার স্ট্যান্ড নিয়ে পুলিশ প্রশাসন ও পৌরসভার মেয়রের সঙ্গে শ্রমিকনেতাদের আলোচনা হয়েছে। শহরের যানজট কমাতে ওই সব এলাকা থেকে স্ট্যান্ড সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
গেটপাড় এলাকার জাকিউল ইসলাম বলেন, অটোরিকশা রাস্তায় রেখে দেওয়ার কারণে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। গাড়িগুলো রাস্তার ওপরে রাখা হয়। ফলে কখনো কখনো এ যানজট একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। শহরবাসী প্রতিদিনের এমন বিড়ম্বনায় ক্ষুব্ধ।
পাঁচরাস্তা এলাকার অটোরিকশার চালক নূর ইসলাম বলেন, ‘আমাদের গাড়ি রাস্তার ওপর রাখার কারণে যানজট হচ্ছে। এতে আমাদেরও অনেক সমস্যা হয়। শহর থেকে বের হতেই যানজটের মধ্যে পড়তে হয়। শ্রমিকনেতারা আমাদের যে স্থানে স্ট্যান্ড করে দেবেন, আমরা সেখানেই চলে যাব।’