ব্যস্ত জীবনে ভরসা হিমায়িত খাবার
ব্যস্ত জীবন। অফিস, বাসা, বাজার করা। তার ওপর আবার রান্না করা। অনেক সময় চুলায় গ্যাসের চাপ থাকে না। পারভীন সুলতানা হিমায়িত খাবার দিয়ে কিছুটা সময় সাশ্রয়ের চেষ্টা করেন। ঝামেলা কম, দ্রুত হয় আর সময়ও বাঁচে। খেতেও মন্দ নয়। ফলে রাজধানীতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে হিমায়িত খাবার বা তৈরি খাবার।
ব্যাংকার পারভীন সুলতানার সকাল-সন্ধ্যা অফিস করে সময় মেনে রান্না করতে ভালো লাগে না। এ ছাড়া অতিথি সামলানো তো আছেই। তিনি বলেন, ‘চারদিক সামলানো এখন কঠিন। আর হাতের কাছেই ফ্রোজেন ফুড পাচ্ছি। বাচ্চারাও পছন্দ করে। আমি বানালে নাকি দোকানেরটার মতো হয় না।’ কর্মজীবী নারী থেকে শুরু করে গৃহিণী, শিক্ষার্থী ও ব্যাচেলরদের কাছেও তৈরি খাবার অনেক জনপ্রিয়।
সকাল-বিকেলের নাশতা বা নিত্য রান্নার প্রয়োজনে এখন অনেকেরই ভরসা হিমায়িত খাবার বা তৈরি খাবার। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও এখন ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এসব খাবার বাজারজাত করছে। প্রাণ-আরএফএল গ্রুপ হিমায়িত খাবার তৈরি করছে ‘ঝটপট’ নামে। মূলত তিন ধরনের খাবার বাজারজাত করছে তারা। ‘ফ্রোজেন স্ন্যাক্স’, ‘ফ্রোজেন ভেজিটেবল’ ও ‘ফ্রোজেন প্রোটিন’। স্ন্যাক্সের মধ্যে আছে রুটি, পরোটা, শিঙাড়া, পুরি, সমুচা, রোলসহ নানা মুখরোচক খাবার। ভেজিটেবল এখনো বাংলাদেশে বাজারজাত হচ্ছে না। প্রোটিনের বেশির ভাগই মুরগির মাংস দিয়ে তৈরি। নাগেটস, চিকেন সসেজ, মিটবল, স্প্রিংরোলসহ পাওয়া যায় অনেক কিছুই। হিমায়িত খাবারগুলো আকার ভেদে দাম ৮০ থেকে ২২০ টাকা। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। সবাই এখন সবকিছু দ্রুত ও সহজে পেতে চায়। আর ফ্রোজেন ফুড ঝামেলামুক্ত।’ তিনি আরও বলেন, চাহিদা বাড়ছে। প্রতি মাসে তাঁদের প্রায় পাঁচ কোটি টাকার হিমায়িত খাবার উৎপাদিত হয়। ‘ঝটপট’ মাস দুয়েক ধরে চিকেন বিরিয়ানি এনেছে। এটা বাসায় নিয়ে অল্প একটু পানি দিয়ে তিন-চার মিনিট ওভেনে গরম করলেই খাওয়া যাবে। দাম ১২০ টাকা।
বিভিন্ন সুপারশপে হিমায়িত খাবার ছাড়াও প্যাকেট করা কাটা সবজি, মুরগির মাংসসহ বিভিন্ন ধরনের পিঠাজাতীয় খাবার পাওয়া যায়। পুডিং, তেলে ভাজা ও নকশা করা পিঠার চাহিদাও অনেক। ধানমন্ডির সীমান্ত স্কয়ার মার্কেটের সুপারশপ আগোরার এক বিক্রয়কর্মী বললেন, হিমায়িত খাবারের চাহিদা অনেক। বিশেষ করে, রুটি-পরোটা আর স্ন্যাক্স বেশি বিক্রি হয়। বেঙ্গল মিট দুই বছর ধরে হিমায়িত খাবার উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির ক্লাস্টার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ধরনের খাবারের ভোক্তা বাড়ছে। আমিষজাতীয় খাবারই বেশি উৎপাদন করে বেঙ্গল মিট। চিকেন বার্গারও আছে তাদের। দেশে এখন অনেক প্রতিষ্ঠানই হিমায়িত খাবার তৈরি করছে—গোল্ডেন হারভেস্ট, কাজী ফার্মস, আইজি ফুডস, প্যারাগন, ব্র্যাক চিকেন, আফতাব ফুডস, সিপি, রিচ ফুড, এজি গ্রুপ ইত্যাদি। প্রতিষ্ঠানগুলো জানায়, এসব খাবারের মেয়াদ ধরন অনুযায়ী ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত।
সীমান্ত স্কয়ারের আগোরায় কেনাকাটা করছিলেন শাহেদ আহমেদ। করলা, মিক্সড সবজি ও হিমায়িত রুটি কিনলেন। তিনি বলেন, কাটা, ধোয়া ও বানানোর ঝামেলা নেই। রান্না করতে গিয়ে কষ্ট ও সময় কম হয়। সে কারণেই এসব সবজি কিনেছেন। বদলে যাওয়া জীবনযাত্রার সঙ্গে এভাবেই বদলে যাচ্ছে রান্নার আয়োজনও।