ব্যস্ত দিনের শেষে বুড়িগঙ্গার মাঝির নিরিবিলি ইফতার
সারা দিন কর্মব্যস্ত। পাল্লা চলে কার আগে কে নৌকায় যাত্রী তুলবেন। যাত্রী ধরার প্রতিযোগিতায় কখনো বাগিবতণ্ডায়ও জড়িয়ে পড়েন পরস্পরের সঙ্গে। কিন্তু সন্ধ্যা নেমে এলেই চিত্রটা অন্য রকম। সারা দিন যা-ই হোক, চাঁদা তুলে মিলেমিশে ইফতারের আয়োজনে বসে যান সবাই।এঁরা বুড়িগঙ্গার খেয়া নৌকার মাঝি।মাঝি ইউসুফ আলী জানান, সারা দিন কঠিন পরিশ্রমের কাজ করে সবাই রোজা রাখতে পারুক আর নাই পারুক, ইফতার করতে কেউ ভোলেন না। ইউসুফ প্রতিদিন ভোর ছয়টার দিকে ঘাটে আসেন। টানা রাত ১০ থেকে ১১টা পর্যন্ত নৌকা চালিয়ে ঘরে ফেরেন তিনি। ইফতারটা সঙ্গী মাঝিদের সঙ্গে মিলেই করেন। আরেক মাঝি ইউনুছ আলী বলেন, ‘রোজা থাকতে পারি না ঠিকই। কিন্তু ইফতার একত্রে করার চেষ্টা করি। পাঁচ-সাতজন মিলে ১০ টাকা করে চাঁদা তুলে ইফতারের আয়োজন করা হয়।’ ৩০ বছর ধরে বুড়িগঙ্গায় নৌকা চালান বৃদ্ধ আবদুল লতিফ মুন্সী। ইফতারটা তিনি নদীর পাশের মসজিদেই করেন। মাঝিদের আরও অনেকেই সেখানে যান।বুড়িগঙ্গা নদীর উত্তর পারে ওয়াইজঘাট আর দক্ষিণ পারে কালীগঞ্জ। ঘাট ইজারাদারের লোক মোহাম্মদ সোহাগের হিসাবে সারা দিনে প্রায় ২০ হাজার লোক এপার-ওপার আসা-যাওয়া করে। এখানে প্রতিদিন তিন শর বেশি নৌকা চলাচল করে। শহরে কাজ শেষ করে সবাই বাসার দিকে রওনা হন বলে প্রতিদিন বিকেলের দিকে পারাপার বেড়ে যায়। এখন রমজান মাস বলে ভিড়টা শুরু হয় একটু আগে থেকেই। নৌকার মাঝি কামাল হোসেন জানান, সারা দিন নৌকা ভাড়া ৪৫ টাকা, ঘাট ভাড়া ৫০ টাকা এবং পাঁচ টাকা রাতে পাহারাদারকে দিতে হয়। এরপর নিজের খাওয়া খরচ। সব খরচ বাদে দিনে ২৫০ থেকে ৩০০ টাকা থাকে। তিনি জানান, কেউ কেউ অনেক রাত পর্যন্ত নৌকা চালান। বুড়িগঙ্গার মাঝিদের ইফতারের প্রস্তুতি দেখতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ওয়াইজঘাট গিয়ে দেখা যায়, শ দুয়েক নৌকা যাত্রী পারাপার করছে। ব্যস্ত সময়ের যাত্রী তুলতে মাঝিদের ডাকাডাকির শেষ নেই। যাঁদের তাড়া আছে বলে একা যেতে চান, তাঁদের লক্ষ্য করে কেউ কেউ চেঁচান, ‘স্যার, আয়েন, রিজাব রিজাব।’ অন্যরা পাঁচ-সাতজন করে যাত্রী তুলছেন। এ প্রতিবেদকের উদ্দেশ্য জানতে পেরে কেউ একজন বলে ওঠেন, ‘ভাই, নদীর ওপারে যান (কালীগঞ্জ) ওপারে মাঝিরা নৌকায় ইফতার করেন।’ একটি নৌকায় করে ওপারে যাওয়া হলো। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে শত কর্মব্যস্ত লোকজনের কোলাহল হঠাৎ বন্ধ। একজন কিছু মুড়ি, ছোলা আর পেঁয়াজুর সাদাসিধে আয়োজন নিয়ে গামছা বিছিয়ে বসে পড়লেন নৌকার মধ্যে। একে একে জড়ো হলেন আরও কয়েকজন। পশ্চিম আকাশে তখনো লাল সূর্যের আভা। মাঝিরা ইফতার শেষে ছোট নৌকার মধ্যেই নামাজের জামাতে দাঁড়িয়ে গেলেন।