ব্যস্ত রাজপথে গুলি করে টাকা ছিনতাই
রাজধানীর ব্যস্ত সড়কে দুই রিকশাযাত্রীকে গুলি করে টাকাভর্তি ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে গেল ছিনতাইকারীরা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার পাশে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যাগে ৮ থেকে ১০ লাখ টাকা ছিল বলে দাবি করা হয়েছে। একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মী মো. সোহাগ (২১) ও দৌলত গাজী (৩৫) এ ছিনতাইয়ের শিকার হন। সোহাগের বাঁ ঊরুতে একটি এবং দৌলতের পায়ে দুটি গুলি লেগেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে। তাঁদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহাগ ও দৌলত জানান, তাঁরা দুজন আরামবাগের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মী। প্রতিষ্ঠানটি হাইকোর্টে বিভিন্ন চুক্তিভিত্তিক কাজ করে থাকে। ঘটনার সময় তাঁরা হাইকোর্ট থেকে টাকা নিয়ে আরামবাগে ফিরছিলেন। হাইকোর্টের ফটক থেকে তাঁরা রিকশা নিয়ে কদম ফোয়ারার কাছে যেতেই একটি ব্যক্তিগত গাড়ি দ্রুতগতিতে এসে তাঁদের কোণঠাসা করে ফেলে। এতে রিকশাটি ফুটপাত ঘেঁষে আটকে যায়। এরপর দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।
হাসপাতালে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আহতদের কাছ থেকে ঘটনা বিস্তারিত শোনা হচ্ছে।