ব্যস্ত রাস্তায় ট্রাকের সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের দুই পাশ দখল করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শতাধিক ট্রাক। মাঝখানের ফাঁকা অংশে চলছে অন্য যানবাহন। সিলেটের সার্কিট হাউস থেকে কালীঘাট পর্যন্ত এক কিলোমিটার সড়কের নিয়মিত দৃশ্য এটি। শহরে দিনের বেলা ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ট্রাক চলতে দেখা যায় এ সড়কে।
কালীঘাট এলাকাতেই সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। দুই শিফটে (পালা) সেখানে ক্লাস হয়। যে কারণে ক্লাস শুরুর আগে ও ছুটির পর সকাল-দুপুর-বিকেলে এই সড়কে যানজট অসহনীয় হয়ে ওঠে।
অস্থায়ী এই ট্রাকস্ট্যান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাঁদেরই একজন দাঁড়িয়াপাড়া এলাকার সুলতানা বেগম। তিনি বলেন, ‘ছেলে স্কুলে আনা-নেওয়া করতে প্রতিদিন সকাল-দুপুরে ওই এলাকায় যেতে হয়। যানজটের কারণে প্রতিবারই অন্তত এক ঘণ্টা আগে বাসা থেকে বের হই।’
রাস্তার দুই পাশের বড় একটা অংশ ট্রাকের দখলে চলে যাওয়ায় দিনের বিভিন্ন সময়ে সৃষ্টি হচ্ছে যানজটের। এতে ভোগান্তিতে পড়ছেন ওই পথে চলাচলকারী মানুষ।
শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে দিনভর ট্রাক পার্ক করে রাখার বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, অস্থায়ী ট্রাকস্ট্যান্ডটি সরানোর দায়িত্ব ট্রাফিক পুলিশের। এ পর্যন্ত একাধিকবার ট্রাফিক কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, নগরের সর্ববৃহৎ পাইকারি বাজার কালীঘাট। এখান থেকে ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নগর ও জেলার বিভিন্ন হাটবাজারে সরবরাহ করা হয়। রাস্তা ট্রাকের দখলে চলে যাওয়ায় যানজটের কারণে পণ্য আনা-নেওয়ায় সমস্যা হচ্ছে।
অস্থায়ী ট্রাকস্ট্যান্ডের কারণে সার্কিট হাউস এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, অস্থায়ী ট্রাকস্ট্যান্ডটি সরানোর জন্য সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে।
সরেজমিনে গতকাল শনিবার দুপুরে ওই সড়কে দেখা গেছে, সারিবদ্ধ ট্রাক দাঁড়িয়ে থাকায় সড়কের উভয় পাশে অন্তত পাঁচ ফুট করে জায়গা কমে গেছে। পার্কিং করার জন্য রাস্তার মধ্যে ট্রাক ঘোরানোর কারণে কিছুক্ষণ পর পর গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। এতে যানজট বাড়ছে।
কালীঘাট এলাকায় কথা হয় ট্রাকচালক আনিসুল হকের সঙ্গে। তিনি বলেন, পাইকারি বাজার হওয়ায় প্রতি রাতে এখানে শত শত মালবাহী ট্রাক আসে। ভোর রাতে ট্রাক আসায় মালামাল নামাতেই সকাল হয়ে যায়। তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘ব্যবসাকেন্দ্র হওয়ায় সার্কিট হাউস থেকে কালীঘাট সড়কে ট্রাকের আনাগোনা বেশি থাকে। দিনের বেলা ট্রাক থাকলে সেগুলো আমরা সরিয়ে দিই।’ তিনি বলেন, ‘লোকবল সংকটের কারণে সার্বক্ষণিক ওই এলাকাটি দেখভাল করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে শিগগিরই ট্রাকমালিক, চালক সমিতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টি স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল গফুর জানান, শহরে কোনো ট্রাকস্ট্যান্ড নেই। পণ্য নামাতে নামাতে সকাল হয়ে যায়। দিনের বেলায় শহরে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে বাধ্য হয়ে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। সন্ধ্যায় নিষেধাজ্ঞা উঠে গেলে এসব ট্রাক সেখান থেকে চলে যায়।