ব্যস্ত সড়কে অবৈধ পার্কিং

যানজটে নাকাল নগরবাসী ট্রাফিক অসহায় আইন করে নিষিদ্ধের দাবি
রাজধানীর মতিঝিল, কমলাপুর, আরামবাগ, ফকিরেরপুল, কাকরাইল ও কারওয়ান বাজারের কয়েকটি প্রধান রাস্তা পরিণত হয়েছে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত গাড়ি রাখার স্থানে। দাঁড় করানো বাস, কার, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের দৌরাত্ম্যে জন ও যানবহুল রাস্তাগুলোয় চলাচলের পথ সংকুচিত হয়ে গেছে। এতে যানজট লেগে থাকছে দীর্ঘ সময়। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের।
পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, রাস্তার ওপর গাড়ি রাখার কোনো নিয়ম নেই। কিন্তু গাড়ি রাখার জায়গার চেয়ে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেশি। ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) যুগ্ম কমিশনার মো. মোছলেহ উদ্দীন অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘যেহেতু গাড়িগুলো রাস্তায় নেমে গেছে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। তাই কোনো কোনো রাস্তায় আমরা এক লাইনে গাড়ি পার্ক করলে কিছু বলি না।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান মনে করেন, প্রধান সড়কগুলোয় গাড়ি রাখা নিষিদ্ধ করে আইন করার সময় এসেছে।
মতিঝিলের গাড়িজট: রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল। বেশির ভাগ সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক এই এলাকায় অবস্থিত। গতকাল রোববার বিকেলে মতিঝিলে গিয়ে দেখা যায়, শাপলা চত্বর থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে দৈনিক বাংলা মোড় পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয়েছে বাস, কার ও মাইক্রোবাস।
এর মধ্যে শাপলা চত্বর থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব পর্যন্ত রাস্তার ডান পাশে দুই সারি করে গাড়ি দাঁড় করানো। মোহামেডান ক্লাব থেকে গ্রামীণফোন সেন্টার পর্যন্ত এক সারি এবং দৈনিক বাংলা মোড় পর্যন্ত তিন সারি করে গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তা সরু হয়ে আসায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।
রাস্তার বাঁ পাশেও একইভাবে কোথাও এক সারি, কোথাও একাধিক সারি করে দাঁড় করিয়ে রাখা হয়েছে গাড়ি। শাপলা চত্বর মোড়ে সোনালি ব্যাংকের সামনে এসে যাত্রী উঠানামা করাতে বাসগুলোকে দাঁড় করানো হচ্ছে। ক্ষুদ্র বিক্রেতা, পথচারী ও অফিসে আসা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি এই এলাকার নিয়মিত দৃশ্য। এখানে প্রায় সারা দিনই যানজট লেগে থাকে।
এ ছাড়া শাপলা চত্বর থেকে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসসি) সামনের পুরো রাস্তায় কোথাও এক সারি, কোথাও একাধিক সারি করে মোটরগাড়ি রাখা। আবার বলাকা ভাস্কর্যের মোড় থেকে গ্রামীণফোন সেন্টার পর্যন্ত এবং হোটেল পূর্বাণীর পেছন দিয়ে দিলকুশা হয়ে শাপলা চত্বর পর্যন্ত রাস্তাটি চলে গেছে গাড়ির দখলে। বেশির ভাগই মোটরগাড়ি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শামসুল আলম বললেন, ‘এটা এখন আর গাড়ি চলাচলের রাস্তা নেই, বরং পার্কিংয়ের জায়গা।’
এ ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের বিডিবিএল ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তার দুপাশেও রাখা হয় ব্যক্তিগত এবং দাপ্তরিক গাড়ি।
কমলাপুরের দুই রাস্তা: কমলাপুর রেলস্টেশনের সামনে থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তার দুপাশেই এক সারি করে রাখা হয় বাস। এগুলোর কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসির বাস। তবে বেশির ভাগই ঢাকা-কুমিল্লা ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া যাত্রাপথে চলাচলকারী রয়েল কোচ সার্ভিসের বাস।
এ রাস্তার পাশেই বিআরটিসির স্থানীয় ডিপো। উল্টো পাশে মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ। স্থানীয় মানুষজন, দোকানদার ও স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন, দুই ধারের বাসগুলোর কারণে স্কুল শুরু ও শেষের সময় এ রাস্তায় বিরাট যানজট লাগে। অভিভাবক রোকেয়া রহমান বললেন, ফেরার সময় অনেক দূর হেঁটে গিয়ে তারপর রিকশায় উঠতে হয়।
কমলাপুর রেলস্টেশনের সামনে থেকে মালীবাগের দিকে গেছে আরেকটি রাস্তা। পীরজঙ্গি মাজার পর্যন্ত এ রাস্তার একপাশে এক সারি এবং অন্যপাশে দুই সারি করে বাস রাখা। ডাবল সারির সবগুলোই বিআরটিসির বাস। অন্যপাশের বাসগুলো বেসরকারি মালিকানাধীন। তবে এই সবগুলো বাসই বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘স্টাফ বাস’।
এ রাস্তাতেই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা অবস্থিত। স্থানীয় দোকানিরা বললেন, কলেজ শুরু ও ছুটির সময় প্রচণ্ড জট লাগে। রাস্তায় গাড়ি রাখা নিয়ে কেউ কিছু বলে কি না, জানতে চাইলে একটি বিআরটিসি বাসের চালক বললেন, ‘কে কী কইব? সরকারি জায়গায় সরকারি বাস রাখছি।’
বিআরটিসির উপমহাব্যবস্থাপক (অপারেশন) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অফিসযাত্রীদের আনা-নেওয়ার মধ্যবর্তী সময়টায় ডিপোতে ফেরত যেতে হলে তেলর খরচ বাড়ে। বাসগুলো তাই কাছাকাছি কোথাও রাখা হয়।
এ ছাড়া আরামবাগ, ফকিরেরপুল ও কাকরাইল এলাকার দুপাশের রাস্তা দখল করে ব্যক্তিগত ও দাপ্তরিক গাড়ি রাখা হয়েছে।
রাস্তায় গাড়ি রাখা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক-পূর্ব) উপকমিশনার মাইনুল হাসান লোকবলের সংকটের কথা বলেন। তিনি বলেন, ‘যা লোক আছে, তা নিয়ে আমরা বড় সড়কের ক্রসিংগুলো ব্যবস্থাপনা করি। অন্য রাস্তাগুলোর খবর নেওয়া সম্ভব হয় না।’