একটি প্রধান সড়ক। ব্যস্তও। একটি বড় যান বিকল হয়ে গেলে যানজট বেঁধে যায়। সেই সড়কটি খোঁড়াখুঁড়ি করা হয়েছে। পরে ধ্বংসাবশেষ ও নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে সড়কের অর্ধেকটা জুড়ে। কবে কাজ শেষ হবে, শেষ হলে আদৌ খোঁড়া সড়ক মেরামত হবে কি না, কেউ জানে না।
সড়কটি ফকিরাপুল পানির ট্যাংকের বিপরীত দিকের ডিআইটি এক্সটেনশন রোড। পানির ট্যাংকের বরাবর বিপরীতে প্রায় ১৫ দিন ধরে এ কাজ চলছে। সেখানে ড্রেনেজ লাইন নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল মঙ্গলবার সকালে এলাকায় গিয়ে জনভোগান্তির চিত্র দেখা যায়। ড্রেনেজ লাইনের টানা গর্ত খোঁড়ার পর ভেতরে লোহার রড দেওয়া হয়েছে। খোলা রডগুলো বিপজ্জনকভাবে মাথা উঁচিয়ে আছে। ঢাকা স্টিল, সিটি স্টিলসহ ইস্পাতসামগ্রীর পাঁচটি দোকান সম্পূর্ণ বন্ধ; কাজ শুরুর সময় থেকেই। সামনে সড়কে দাঁড়িয়ে তিনজন লোক। নিজেদের কষ্টের কথা নিজেরাই আলাপ করছিলেন। দেখেই বোঝা যায়, তাঁদের মন ভালো নেই। কারণ, বন্ধ দোকানগুলোর মালামাল ওঠানামায় তাঁরা সাহায্য করে থাকেন। বিশেষ করে ক্রেতাদের কেনা সামগ্রী। বিনিময়ে কিছু টাকা পান। এখন সেই রোজগার বন্ধ। অন্য দোকানে অন্য লোক ঠিক করা আছে। প্রতিযোগিতায় সেখানে টেকা যাবে না।
ভুক্তভোগী দোকানি ও পথচারীরা বলেন, এলাকার সড়কের সব ইউটার্ন অংশ এখন বন্ধ। শুধু ইউটার্ন নয়, কোনো গাড়িই যাতে ওপার-ওপার করতে না পারে, সে জন্য ইস্পাতের পাত দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এ ধরনের অন্তত তিনটি অংশ দেখা গেল। ফকিরাপুল থেকে কালভার্ট রোডে যেতে হলে হয় উত্তর প্রান্তে নয়াপল্টন হয়ে (পুলিশ হাসপাতালের কাছে) অথবা দক্ষিণ প্রান্তের দৈনিক বাংলার মোড় দিয়ে ঘুরে আসতে হবে। তারপরও যাতায়াতকারী গাড়িগুলোর চালকেরা সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু সড়ক কাটার পর এবং ধ্বংসাবশেষ ও নির্মাণসামগ্রী অগোছালোভাবে ফেলে রাখার কারণে এখন ওই এলাকায় চলতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
দৈনিক বাংলা প্রান্তে সড়কের বন্ধ করা একটি কাটা অংশে তিন ফুট জায়গা খোলা। সেই অংশ দিয়ে দু-একটা মোটরসাইকেল চলাচল করছে। মাঝে মাঝে ট্রাফিক পুলিশ বাধাও দিচ্ছে।
দোকানিরা বলেন, সকালে অফিস সময়ে এবং বিকেলে অফিস ছুটির পর চলাচলই দায় হয়ে যায়। সন্ধ্যার পর ফুটপাতে চলাচল করতে গিয়ে খোঁড়া গর্তে পড়ে পথচারী আহত হওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
দেখা গেল, ব্যস্ত সড়কের ওপরই এলোমেলোভাবে রাখা হয়েছে ভাঙা পাথর ও ব্লক। একই সঙ্গে ছড়িয়ে রাখা হয়েছে মাটির নিচ থেকে উঠিয়ে আনা ভাঙা পাইপ। বালুও স্তূপ করে রাখা হয়েছে। পাশেই বড় বড় গর্ত। পরিত্যক্ত ভাঙা পাইপ, ফুটপাত ভেঙে তোলা ব্লক, ময়লা ভেজা মাটি কী কারণে সড়কের ওপর রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন এলাকার দোকানি, বিভিন্ন অফিসের লোকজনের। উপহার স্টিলের কর্মকর্তা মনির হোসেন বলেন, নির্মাণকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের এ বিষয়ে প্রশ্ন করলে তাঁরা জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করেন না।
দিলকুশায় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জরুরি কাজে গুলশানে যাবেন। তাঁর গাড়ি আটকে ছিল ওই সড়কে। বললেন, উন্নয়নকাজে এ ধরনের অব্যবস্থাপনা সম্ভবত পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যাবে না।
যোগাযোগ করা হলে ডিএসসিসির খিলগাঁও অঞ্চলের প্রকৌশল বিভাগ থেকে বলা হয়, নির্মাণকাজে যাবতীয় ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা আছে। একইভাবে নির্মাণসামগ্রী অগোছালোভাবে রাখা যাবে না। এ ছাড়া সার্বক্ষণিক নজর রাখা সম্ভব নয়।
নির্মাণকাজে তত্ত্বাবধায়ক বলে পরিচয়দানকারী আবদুর রহমান ঘটনাস্থলে বলেন, নির্মাণসামগ্রী যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করেন তাঁরা। ধ্বংসাবশেষ সাধারণত সরিয়েই নেওয়া হয়, তবে মাঝে মাঝে নিতে একটু দেরি হয়।