ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরে গেলেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। সফরের প্রথম দিনের মতো গতকালও ব্যস্ত সময় কেটেছে তাঁর।মনমোহন সিং গত মঙ্গলবার ঢাকায় আসেন। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠক হয়।গতকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার মধ্য দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন শুরু হয়। ব্যস্ত দিন কাটিয়ে সন্ধ্যা ছয়টার দিকে তিনি বিশেষ বিমানে করে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেন।বেলা ১১টায় মনমোহন সিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যান। সেখানে তিনি ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক বক্তব্য দেন। দুপুর ১২টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবনে যান। সেখানে তিনি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।এরপর ভারতের প্রধানমন্ত্রী যান ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের জন্য সংরক্ষিত বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি হোটেল সোনারগাঁওয়ে ফেরেন। ঢাকা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করেন।বিকেল চারটার দিকে ওই হোটেলে মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে সাক্ষাৎ শেষ হয়।বিকেল চারটা ৪০ মিনিটে সোনারগাঁও হোটেলে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিকেল পাঁচটা পর্যন্ত এ দুই নেতার মধ্যে বৈঠক হয়। এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জি এম কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু।বিকেল পাঁচটার দিকে ওই হোটেলে মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ১৪ দলের নেতারা। সোয়া পাঁচটা পর্যন্ত মনমোহন তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ১৪ দলের নেতারা হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের নেতা ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, ন্যাপের সাংসদ আমেনা বেগম ও জাসদের নেতা শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ।মনমোহন সিং দেশে ফেরার জন্য বিকেল পাঁচটা ২৫ মিনিটে হোটেল সোনারগাঁও থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানান। ভারতীয় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধানেরা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত ১২ বছরে মনমোহন সিংই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে এলেন। স্ত্রী গুরশরণ কাউর ছাড়াও তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এবং চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁরা হলেন—আসামের তরুণ গগৈ, মেঘালয়ের মুকুল সাংমা, ত্রিপুরার মানিক সরকার এবং মিজোরামের পু লালথানওয়ালা।