ব্যস্ত স্থানে কোরবানির পশুর হাট না বসাতে পুলিশের চিঠি
জনদুর্ভোগ এড়াতে রাজধানীর ব্যস্ত স্থানগুলোতে কোরবানির অস্থায়ী পশুর হাট না বসানোর জন্য ঢাকার দুই মেয়রকে অনুরোধ করেছে পুলিশ। পাঁচটি বড় হাটকে নির্ধারিত স্থানের বদলে অন্যত্র স্থানান্তরের পরামর্শও দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য এসব হাটে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও বাণিজ্যিক ব্যাংকের বুথ অথবা এটিএম বুথ রাখতেও বলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষ থেকে ২৫ জুলাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের চিঠি দিয়ে এসব অনুরোধ ও সুপারিশ করা হয়েছে।
ডিএমপি কমিশনারের ওই চিঠির ব্যাপারে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের সুপারিশ আমরা পেয়েছি। হাটের ইজারা দেওয়া ও অন্যান্য ব্যবস্থাপনার সময় এসব বিষয় আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’
ডিএমপি কমিশনারের চিঠিতে বলা হয়েছে, ২০১৪ সালে রাজধানীতে মোট ২২টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছিল। এর মধ্যে কয়েকটি হাটের কারণে মানুষের চলাচল বিঘ্নিত হয় এবং রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ কারণে এ বছর উত্তরা আজমপুর প্রাইমারি স্কুল মাঠের হাট, উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদসংলগ্ন খালি মাঠ, বারিধারা জে ব্লক, বনানী রেলস্টেশনের সামনে ও আগারগাঁও বস্তি এলাকায় হাট না বসানোর অনুরোধ করা হয়েছে। এসব স্থানে হাট না বসানোর পক্ষে যুক্তি দেওয়া হয়েছে, উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদসংলগ্ন খালি জায়গাটি কম পরিসরের। এখানে হাট বসানোর কারণে সোনারগাঁও জনপদে যানজটের সৃষ্টি হয়। বারিধারা জে ব্লকের স্থানটি কূটনৈতিক এলাকায়। হাটের কারণে ওই এলাকার নিরাপত্তা বিঘ্নিত হয়। বনানী রেলস্টেশনের সামনের হাট ব্যস্ততম বিমানবন্দর সড়কে উঠে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। আগারগাঁও বস্তি এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ও সরকারি দপ্তর রয়েছে। কোরবানির পশুর হাটের কারণে এসব স্থানে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। মুমূর্ষু রোগী ও চিকিৎসকেরা হাসপাতালে যেতে পারেন না। এসব সমস্যার কারণে গত বছর একপর্যায়ে হাটটির পরিসর সীমিত করা হয়েছিল। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। এসব হাটের বদলে উত্তরা তৃতীয় পর্ব, পূর্বাচল নতুন শহর এলাকা ও বছিলা স্কুলমাঠ এলাকায় অস্থায়ী হাট বসানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে অন্য একটি চিঠিতে বলা হয়েছে, কোরবানির সময় কোনো ধরনের জরিপ ছাড়াই যেখানে-সেখানে পশুর হাট বসানো হয়। এতে সব মানুষ উপকার পায় না। আবার হাট কত বড় হবে, তা-ও নির্ধারিত থাকে না। চিঠিতে হাট বসানোর ক্ষেত্রে জরিপ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাটের চৌহদ্দি ঠিক করতে বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এ ছাড়া হাটের ভেতর রাতে ছবি তোলা যায়, এমন সিসি ক্যামেরা বসাতে হবে। প্রতিটি হাটে জাল নোট শনাক্ত করার ব্যবস্থাও রাখতে হবে। প্রতিটি হাটে পর্যবেক্ষণ টাওয়ার বসাতে হবে। ক্রেতারা যাতে হয়রানির শিকার না হন, সে জন্য হাসিলের পরিমাণ লেখা ব্যানার লাগাতে হবে। হাটে খাবার হোটেলের ব্যবস্থা রাখতে হবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, প্রতিবছরই কোরবানির পশুর অস্থায়ী হাট নিয়ে নানা জটিলতা তৈরি হয়। এবার যাতে এসব না হয়, সে কারণে আগে থেকেই ব্যবস্থা নিতে দুই মেয়রকে এ অনুরোধ করা হয়েছে।