ব্যস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের বিভাজনে থাকা ফোকর দিয়ে এভাবে রাস্তা পার হন​ লোকজন l ছবি: প্রথম আলো
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের বিভাজনে থাকা ফোকর দিয়ে এভাবে রাস্তা পার হন​ লোকজন l ছবি: প্রথম আলো

রাস্তা পার হওয়া জরুরি। মাঝখানে বাধা সড়ক বিভাজক। টানা বিভাজকের মধ্যে রয়েছে একটুখানি ফাঁকা জায়গা। এই ফাঁক গলেই পথচারীরা ব্যস্ত সড়ক পারাপার হচ্ছেন। পদচারী-সেতু না থাকায় যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কুতুবখালীতে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা।

গতকাল শুক্রবার সকালে সেখানে বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিল আবদুর রহমান। সড়ক পার হতে গিয়ে ছোট ছেলেটি ভয়ে কুঁকড়ে যায়। একটু পরে রাস্তা পার হতে উড়ালসড়কের উত্তর পাশে অপেক্ষা করছিলেন তিনজন। একই পরিবারের সদস্য তাঁরা। বাবা-মা ও তাঁদের শিশুপুত্র। ছেলেটি একেবারেই ছোট, পাঁচের বেশি হবে না বয়স। গাড়ি আসছে না ভেবে তাঁরা রাস্তার অপর প্রান্তে যেতে রওনা দেন। প্রথমে পুরুষ লোকটি বিভাজকের ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে দেন। এরপর শিশুটি মাথা গলায়। পরে শিশুর মা। মায়ের ওড়নার প্রান্ত আটকে যায় বিভাজকে। তাঁর স্বামী চট করে ওড়না ছাড়িয়ে দেন। এ সময় কোনো চলন্ত গাড়ি সেখানে এলে দুর্ঘটনাও ঘটতে পারত।

কুতুবখালীর স্থানীয় বাসিন্দা আইন উদ্দিন বলেন, ‘কোনো ফুটওভারব্রিজ নেই। স্কুলের ছাত্রছাত্রীরা ওই ফাঁক দিয়ে পার হয়। আমরা অনেক বিপদে আছি। তিন মাস আগেও রাস্তা পার হতে গিয়ে একজন মারা গেছে।’ কর্তৃপক্ষর কাছে এলাকাবাসীর দাবি, এখানে দ্রুত পদচারী-সেতু নির্মাণ করা হোক।

সরেজমিনে দেখা যায়, শনির আখড়ার পর মেয়র হানিফ ফ্লাইওভার। এই উড়ালসড়কের খুব কাছে কুতুবখালীতে বাস থামানো হয়। গুলিস্তানগামী যাত্রীরা সেখান থেকে বাসে ওঠেন। ওই স্থানে পথচারীরা হরদম ওই ফাঁক দিয়ে পার হচ্ছেন।

অনেক সময় মোটরসাইকেল আরোহীরা এই ফোকর ব্যবহার করে রাস্তা বদল করছেন। এভাবে রাস্তা পারাপারের কারণে সড়কের রায়েরবাগ, শনির আখড়া, মাতুয়াইল মেডিকেল অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘ফ্লাইওভারের দুই প্রান্তের মানুষের রাস্তা পার হওয়ার কোনো পদচারী-সেতু নেই। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। এখানে পদচারী-সেতু নির্মাণ করা হলে দুর্ঘটনা অনেক কমবে।’