ব্যস্ত সড়কে অটোরিকশার স্ট্যান্ড, দুর্ভোগে জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের ব্যস্ততম এলাকা ভোকেশনাল মোড়ে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। স্ট্যান্ডের কারণে প্রতিদিন এই এলাকায় যানজট লেগেই থাকে। ফলে শহরের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ভোকেশনাল মোড়ে অটোরিকশার ওই স্ট্যান্ডটি অবস্থিত। ওই মোড় থেকে গেটপাড় এলাকা, দয়াময়ী এলাকা ও ময়মনসিংহে যেতে হয়। ওই মোড়ের উত্তর-দক্ষিণ ও পশ্চিম পাশের সড়কে ৪০-৫০টি অটোরিকশা রাখা রয়েছে। ফলে সড়কটির দুই পাশ দিয়ে যান চলাচল করতে পারছে না। শুধু রাস্তার মাঝখান দিয়ে কিছুসংখ্যক যান চলাচল করছে।
কয়েকজন পথচারী বলেন, এটা শহরে ঢোকার একমাত্র পথ। তাই সব সময় এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। ভোকেশনাল মোড়ে অটোরিকশাস্ট্যান্ডের কারণে সব সময় যানজট লেগে থাকে। যদি এই রাস্তায় বড় কোনো গাড়ি ঢোকে, তাহলে যানজট ছাড়াতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়।
ইজিবাইকচালক সাগর মিয়া বলেন, স্ট্যান্ডটির কারণে ভোকেশনাল মোড়ে যেতে তাঁর বিরক্ত লাগে। এতে পাঁচ মিনিটের পথ পার হতে ১৫-২০ মিনিট সময় লেগে যায়। বিশেষ করে সকালে অফিসের সময় ও দুপুরে যানজট বেশি থাকে।
জামালপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, এর আগে স্ট্যান্ডটি শহরের বশাকপাড়া এলাকায় ছিল। ময়মনসিংহে চলাচলকারী যাত্রীদের সুবিধার জন্য ভোকেশনাল মোড়ে স্ট্যান্ডটি স্থানান্তর করা হয়েছে। পৌরসভা থেকে কোনো স্থান নির্ধারণ করে না দেওয়ায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। তবে পৌরসভার মেয়রের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। পৌরসভা স্ট্যান্ডের জন্য জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে স্ট্যান্ড সরিয়ে নেওয়া হবে।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ওই মোড়ে তীব্র যানজটের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। ইতিমধ্যেই সেখান থেকে স্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে ওই পথে যাতায়াতকারী একাধিক ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্ট্যান্ডটি আছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এটা সরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁরা শুনেছিলেন, ঈদের পর এই স্ট্যান্ডটি এখানে আর থাকবে না। কিন্তু এখনো পরিস্থিতি আগের মতো আছে।