ব্যস্ত সড়কে ঝালাই কারখানার ছড়াছড়ি
গাইবান্ধা শহরের ব্যস্ততম সড়কগুলোর ওপর অসংখ্য ঝালাই কারখানা গড়ে উঠেছে। এ কারণে মানুষ ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এ ছাড়া কারখানার বেগুনি রশ্মি বিদ্যালয়গামী ছেলেমেয়েদের চোখের বেশি ক্ষতি করছে। ফলে কারখানা-সংলগ্ন এলাকা ও শহরের পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু এগুলো উচ্ছেদে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা শহরের ব্রিজ রোড, ভিএইড রোড, খানকাশরীফ, ডিবি রোড ও পুরাতন বাজার এলাকায় ঝালাই (ওয়েল্ডিং) কারখানার সংখ্যা বেশি। এসব কারখানায় ঝালাইয়ের কাজ করার সময় বেগুনি রশ্মি ছড়িয়ে পড়ে ও আগুনের ফুলকি তিন-চার হাত পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। শহরের ব্রিজ রোডে অবস্থিত গাইবান্ধা এনএইচ মডার্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন বলেন, ব্যস্ততম সড়কের ওপর এসব কারখানা গড়ে ওঠায় বিদ্যালয়গামী ছাত্রছাত্রীরা বেশি বিপাকে পড়ছে। তাই তাদের কারখানার দিকে না তাকিয়ে চলাচল করতে বলা হয়েছে।গাইবান্ধা পরিবেশ আন্দোলন কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান বলেন, পরিবেশের তোয়াক্কা না করেই স্থানীয় একশ্রেণীর ব্যবসায়ী এসব কারখানা গড়ে তুলেছেন। সন্ধ্যার পর থেকে কারখানায় কাজ করার নিয়ম থাকলেও তা উপেক্ষা করে দিন-রাত ঝালাইয়ের কাজ চলছে। তিনি আরও বলেন, এসব কারখানা নির্জন এলাকায় স্থাপনের জন্য কারখানা মালিকদের অনুরোধ করেও কোনো কাজ হচ্ছে না। এদিকে কারখানায় কর্মরত শ্রমিকেরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন। চোখে কালো চশমা বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়েই কাজ করছেন অনেক শ্রমিক।গাইবান্ধার সিভিল সার্জন আহাদ আলী প্রথম আলোকে বলেন, এসব কারখানার বেগুনি রশ্মির কারণে চোখে ছানিপড়া রোগ হয় ও দৃষ্টিশক্তি কমে যায়। এ ছাড়া চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে কাজ করায় কারখানার শ্রমিকদের বেশি ক্ষতি হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক শহরের ব্রিজ রোড এলাকার এক কারখানামালিক জানান, পথচারীদের যাতে চোখের ক্ষতি না হয় সে জন্য সতর্কভাবে কাজ করা হয়ে থাকে। কারখানা পরিবেশ দূষিত করে ঠিক, কিন্তু শতাধিক লোক এসব কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। গাইবান্ধার পৌর মেয়র শামছুল আলম বলেন, শহরে এ ধরনের কারখানা স্থাপনে পৌরসভা থেকে অনুমতি দেওয়া হয় না। এটা দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। কিন্তু গাইবান্ধায় পরিবেশ অধিদপ্তরের কোনো কার্যালয় নেই। তার পরও সড়কের ওপর থেকে কারখানা সরানোর জন্য মালিকদের তাগাদা দেওয়া হচ্ছে।