ব্যস্ত সড়কে স্বেচ্ছাসেবক লীগের তোরণ, যান চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল ২৭ জুলাই রোববার। এ উপলক্ষে মাস খানেক আগেই রাজধানীর ব্যস্ত খামারবাড়ী মোড়ে রাস্তা দখল করে বানানো হয়েছে এক বিশাল তোরণ। তোরণের একটি অংশ রাস্তার মাঝখানে হওয়ায় যানবাহনের গতি কমাতে হয়, ফলে সময় লাগে প্রয়োজনের চেয়ে বেশি।
রাজধানীর ব্যস্ত মোড়গুলোর একটি খামারবাড়ী মোড়। মিরপুর, পল্লবী, শেওড়াপাড়া, কাজীপাড়া, গাবতলী, মোহাম্মদপুর ছাড়াও অনেক এলাকা থেকে যানবাহনগুলো এ মোড় হয়ে ফার্মগেটে ঢোকে। তোরণটি বসিয়েছেন শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান ওরফে উজ্জ্বল। তোরণে তাঁর ছবি ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দীন নাছিম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী ও সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ওরফে ইরানের ছবি ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এ এলাকায় গত প্রতিষ্ঠাবার্ষিকীতে দুটি তোরণ বানানো হয়েছিল, এবার মাত্র একটি তোরণ করা হয়েছে। তিনি দাবি করেন, এই তোরণের কারণে যানবাহনের চলাচলে কোনো অসুবিধা হয় না। শেরেবাংলা নগর থানার অনুমতি নিয়ে এটি বানানো হয়েছে।
তবে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, এ স্থানটি তাঁর থানার আওতায় নয়, এটি তেজগাঁও থানার আওতায়। তাই তাঁর অনুমতি দেওয়ার সুযোগ নেই। আর তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, তোরণ বসানোর জন্য কেউ তাঁদের অনুমতি নেয়নি।
এ কথা জানিয়ে পুনরায় যোগাযোগ করা হলে স্বেচ্ছাসেবক লীগের মুশফিকুর রহমান দাবি করেন, এটি শেরেবাংলা নগর থানার আওতার মধ্যেই। এখন ওসি অস্বীকার করলে তাঁর কিছু করার নেই।
তবে বাস্তবে ওই এলাকায় গিয়ে অনেকক্ষণ অবস্থান করে দেখা যায়, এই তোরণ ওই রাস্তায় স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এ সড়কে নিয়মিত চলাচলকারী নিউ ভিশন বাস সার্ভিসের চালক মো. জালাল বলেন, তোরণটির কারণে খামারবাড়ীর দিকে রাস্তায় ঢোকার সময় গাড়ির গতি কমাতে হয়, ফলে সময় বেশি লাগে।
একই বক্তব্য খামারবাড়ী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সোয়াইবুল ইসলামেরও। তিনি বলেন, মিরপুর রোড ও সংসদ ভবনের সামনের রাস্তা হয়ে প্রচুর যানবাহন খামারবাড়ী হয়ে ফার্মগেটে ঢোকে। তোরণটির কারণে বিশেষ করে সংসদ ভবনের দিক থেকে আসা গাড়িগুলোকে খামারবাড়ীর রাস্তায় ঢুকতে বেশ বেগ পেতে হয়।