ব্যস্ত সড়কের পাশে ঝালাই কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌর শহরে ব্যস্ত সড়কের দুই ধারে গড়ে ওঠা বিভিন্ন ওয়েল্ডিং কারখানায় দিনরাত ঝুঁকিপূর্ণভাবে ঝালাইয়ের কাজ চলছে। এতে কারখানার শ্রমিক ও পথচারীদের চোখের ক্ষতিসহ ব্যাপক পরিবেশদূষণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এলাকার চক্ষু বিশেষজ্ঞ দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘ঝালাইয়ের সময় নির্গত অতি বেগুনি রশ্মির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখের প্রদাহ, ছানিপড়া রোগ ও চোখের দৃষ্টিশক্তি কমে যায়। এ ছাড়া ঝালাই কাজের সময় লোহার ক্ষুদ্র টুকরো ছড়িয়ে-ছিটিয়ে শ্রমিকদের ও কাছের লোকজনের চোখে পড়ে চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। ইদানীং বিরামপুরে প্রচুর ওয়েল্ডিং-শ্রমিক এ সমস্যা নিয়ে আমার কাছে আসছেন।’সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের কলেজবাজার, পল্লবী মোড়, পূর্বপাড়া মোড়, নতুন বাজার, স্টার সিনেমা হল মোড় ও শালবাগান মোড়ে এসব ওয়েল্ডিং কারখানা গড়ে উঠেছে। সব কারখানাই বিরামপুরের মূল সড়কের দুই ধারে গড়ে উঠেছে। এ ছাড়া উপজেলার কাটলাহাট, শিবপুর, কেটরাহাট, আয়ড়া মোড়সহ বিভিন্ন এলাকায় ওয়েল্ডিং কারখানা রয়েছে। এসব কারখানায় প্রকাশ্যে দিনরাত ঝালাইয়ের কাজ চলে।বিরামপুর লেদ ওয়েল্ডিং মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন (৫২) জানান, বিরামপুর পৌরসভায় সমিতির অন্তর্ভুক্ত ৫৫টি ওয়েল্ডিং কারখানা রয়েছে। এ ছাড়া আরও ২০-২৫টি কারখানা রয়েছে। উপজেলার অন্যান্য এলাকায়ও ৩০টির অধিক ওয়েল্ডিং কারখানা রয়েছে। এসব কারখানার ঘর ছোট হওয়ায় ঝালাইয়ের কাজ বাইরে করা হয়। তবে এভাবে কাজ করতে কেউ কোনো দিন নিষেধ করেনি। কলেজ বাজারের একটি ওয়েল্ডিং কারখানার মালিক শফিকুল ইসলাম বলেন, ‘ঝালাইয়ের আলোত চোখ নষ্ট হয়। তাই ঝালাই করার সময় আমি দোকানোত থাকি না।’ লাইনপারের একটি কারখানা মালিক পারভেজ হোসেন (৩৫) বলেন, ‘১২ বছর ধরে এঙ্করেই (এভাবে) তো কারখানা চালাছি। এক দিনও তো কেউ কিছু কোলো না।’ কারখানার শ্রমিক রাশেদুল (২২), হামিদুল (১৪), ইসমাইলসহ (১২) কয়েকজন জানান, শ্রমিকদের মধ্যে যাঁরা ঝালাইয়ের কাজ করেন তাঁরাই শুধু চোখে কালো চশমা পরেন। অন্যরা খালি চোখে থাকেন। বিরামপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান জানান, এসব কারখানার কারণে বর্তমানে চলাচল করাই বিপজ্জনক হয়ে উঠেছে। শিক্ষার্থীদের কারখানার দিকে না থাকিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর বগুড়া অঞ্চলের পরিদর্শক মো. আবদুল খালেক জানান, ওয়েল্ডিং কারখানাগুলোর প্রকাশ্যে ঝালাই করার কোনো নিয়ম নেই। অভিযোগ পেলে পরিবেশের ক্ষতি করে—এমন কারখানাগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোখছানা বেগম বলেন, ‘যেসব ওয়েল্ডিং কারখানা নিয়মবহির্ভূতভাবে ঝালাইয়ের কাজ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’