
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মূল ফটকের সামনে সড়কের অর্ধেক দখল করে এক মাস ধরে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। ফলে শহরের সবচেয়ে ব্যস্ত এ সড়কে চলাচলকারী রোগীসহ সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের পাশ থেকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড পর্যন্ত নর্দমা নির্মাণের কাজ চলছে। এ কাজে ব্যবহৃত ইট, বালু ও খোয়া হাসপাতালের মূল ফটকের সামনে প্রায় ৫০ গজ জায়গাজুড়ে স্তূপ করে রাখা হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নালা তৈরির জন্য খোঁড়া মাটির স্তূপ। সব মিলিয়ে এ হাসপাতাল রোডের অর্ধেকটা দখলে চলে গেছে।
এলাকার তিনজন বলেন, এক মাস ধরে এলাকাবাসীকে এ দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। শহরের সবচেয়ে ব্যস্ত এ সড়কে এখন যানজট লেগেই থাকে। যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এক সপ্তাহ আগে হাসপাতালের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় ইজিবাইক। এতে রিকশার যাত্রী শহরের কলাপাড়া এলাকার আবদুস সোবহানের পা ভেঙে যায়।
এলাকাবাসী বলছেন, মানুষের এত দুর্ভোগ হলেও কারও কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ ঘটনাস্থলে সড়কের ওপারই রয়েছে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়। কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষও যেন নীরব দর্শক। পৌরসভার অধীনেই ওই নর্দমা নির্মাণের কাজ চলছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রীর স্তূপ থাকায় হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। এমনকি হাসপাতালের সীমানাপ্রাচীর ঘেঁষে মাটি সরানোর ফলে সেটি ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি কয়েকবার পৌর কর্তৃপক্ষকে বলেছেন। তবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রথম আলোকে বলেন, প্রায় এক কিলোমিটার দীর্ঘ ওই মাস্টার ড্রেন নির্মাণের কারণে মানুষজনের কিছুটা দুর্ভোগ হচ্ছে, এটা ঠিক। উন্নয়নমূলক কাজের জন্য কিছুটা দুর্ভোগ পোহাতেই হয়। তবে যতটা সম্ভব নির্মাণসামগ্রী সড়কের ওপর না রাখার ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ।
জেলা প্রশাসন সূত্র বলছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী, সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখা দণ্ডনীয় অপরাধ।