ঈদে প্রস্তুতির শেষ নেই। নতুন পোশাকে নিজেদের সাজানোর পাশাপাশি ঘরও সাজাতে চান অনেকে। তাঁদের মধ্যে যাঁদের পোশাক-আশাক কেনাকাটা শেষ তাঁরা এখন ব্যস্ত গৃহসজ্জার সামগ্রী কেনাকাটায়।বারান্দায় নতুন ফুলের টব, বৈঠকখানার জন্য পটারি কিংবা শোপিস, দেয়ালে ছবি, দরজা-জানালার পর্দা, বিছানার চাদর কিংবা সোফার আসন-কুশনসহ নানা সামগ্রী কিনতে ভিড় বেড়েছে। গতকাল বুধবার শিশু একাডেমীর সামনের অস্থায়ী দোকান, রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট-গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট, মৌচাক সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানের আশপাশে গৃহসজ্জা বিক্রির দোকানগুলোতে গৃহকর্ত্রীদের ভিড় দেখা গেছে। শাহবাগ মোড়ে ফুলের দোকানে দেখা গেছে তরুণ-তরুণীদের ভিড়।শিশু একাডেমীর সামনের ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে টবসহ ফুলগাছ, ঘর সাজানোর মাটির তৈরি বিভিন্ন সামগ্রীসহ নানা জিনিস পাওয়া যায়। বিক্রেতারা জানান, সকাল থেকে সন্ধ্যার পরও ক্রেতারা আসছেন। গতকাল বৃষ্টির মধ্যে সেখানে গিয়েছিলেন ওয়ারীর অনি মাহমুদা। বললেন, ‘ঈদের অতিপ্রয়োজনীয় অন্য কেনাকাটা শেষ। হাতে সময় আছে। তাই ঘর সাজানোর জন্য শোপিস কিনতে এসেছি।’ গোপীবাগ থেকে নওরীন ফারজানা এসেছেন ফুলগাছ কিনতে। তিনি বলেন, ‘ঈদের সময় বাসায় অনেক অতিথি আসবেন। এ সময় ঘরের শোভা যদি মন্দ হয়, তাহলে নিজের কাছেই ভালো লাগে না। আমি প্রতিবছর ঈদের আগে এখানে কেনাকাটা করতে আসি।’শিশু একাডেমীর সামনের ফুটপাত ছাড়াও টেরাকোটাসহ মাটির তৈরি ঘর সাজানোর বিভিন্ন জিনিস (শোপিস) বিক্রি হচ্ছে শাহবাগের আজিজ সুপার মার্কেট, বনানী সুপার মার্কেট, মিরপুর ২ নম্বরসহ নানা বিপণিবিতানে।বিপণিকেন্দ্রগুলোর বিক্রেতারা জানান, দরজা-জানালার পর্দা কিংবা তৈজসপত্রের দোকানে নারীদের এই ভিড় দু-এক দিন ধরে নয়, রোজা শুরুর পরপরই শুরু হয়েছে। এখন কিছু আসছেন ফরমায়েশি জিনিসগুলো নিতে, কিছু আসছেন তৈরি পর্দা কিনতে।নিউমার্কেটের পেছনের অংশে বিক্রি হচ্ছে কাপ-পিরিচ সেট, সুপের বাটি সেট, গ্লাস ও জগ, ডিনার সেটসহ বিভিন্ন তৈজসপত্র। এসব দোকানেও গতকাল ভিড় দেখা গেছে। অন্যান্য বিপণিবিতানেও এ ধরনের পণ্যের দোকানে ছিল ভিড়। গুলিস্তানের লিপি ক্রোকারিজের হাসান রহমান জানান, বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় ঈদে তাঁদের বিক্রি বেশি হয়।চন্দ্রিমা সুপার মার্কেট থেকে শুরু করে গাউছিয়ার সামনে বেশ কিছু ছবি বাঁধাইয়ের দোকানেও ভিড় চোখে পড়েছে। দোকানিরা জানান, বেশির ভাগই প্রকৃতি কিংবা ফুল বা কোনো সুন্দর পোস্টার বাঁধাইয়ের কাজ করাতে দোকানে আসছেন।প্রয়োজন বা নিতান্তই শখে হোক, ঈদে আর্থিক অবস্থার ধরন বুঝেই চলে এসব কেনাকাটা।