ব্যস্ততা বেড়েছে কালাই রাজবাটির কামারদের
কোরবানির ঈদ সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলার কালাই রাজবাটি গ্রামের কামারদের ব্যস্ততা বেড়ে গেছে। তাঁদের এখন দম ফেলার সময়ও নেই।স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই রাজবাটি গ্রামে ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে। তারা পেশায় কামার। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত লোহা আগুনে তাপ দিয়ে ও পিটিয়ে ধারালো অস্ত্র তৈরি করেন কামারেরা। কোরবানি ঈদের সময় তাঁদের ব্যস্ততা বেড়ে যায়। এ কারণে আয়ও হয় ভালো।২০ অক্টোবর ওই গ্রামে গিয়ে কোরবানির কাজে ব্যবহার হওয়া অস্ত্র বানাতে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের ভিড় দেখা গেছে। কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় কাঁচামালের (লোহা) দাম বেড়ে যাওয়ায় এখন পুঁজি বেশি লাগে। তাই ঋণ নিয়ে ব্যবসা করতে হচ্ছে। এ কারণে লাভ কমে গেছে।গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মোহন্ত (৫৩) বলেন, ‘গত চার-পাঁচ বছরে লোহার দাম কয়েক গুণ বেড়েছে। আগে কম পুঁজি দিয়ে এ ব্যবসা করেছি। কিন্তু এখন গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যবসা করছি। আগে লোহার দাম কম থাকায় ব্যবসা ভালো হয়েছে। এখন সারা দিন পরিশ্রম করে সংসার চালানোর পর সপ্তাহের কিস্তি দিতেই সব শেষ হয়ে যায়।’পাইকার আজিজার রহমান ও নিবারণ মোহন্ত বলেন, ‘এখানকার কামারদের তৈরি মালামালের প্রচুর চাহিদা। আমরা সপ্তাহে দুই দিন করে মোকামে মালামাল নিয়ে যাই। তবে কোরবানির জন্য মাল দিতে পারছেন না কামারেরা।’