ব্যাংক ঋণে সুদের হার ১০ শতাংশের নিচে আনার দাবি
দেশে বিনিয়োগকারীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করতে ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন ও জাতীয় পার্টির সাংসদ ইয়াহইয়া চৌধুরী।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ সম্পর্কিত আলোচনায় তাঁরা এ দাবি জানান।
ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, সুদের হার কমানো হলে বিনিয়োগ বাড়বে। তৈরি পোশাক খাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে, একই রকম প্রণোদনা দিলে আরও কিছু সম্ভাবনাময় খাত বেরিয়ে আসবে। যা থেকে বাংলাদেশ অনায়াসে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।
ব্যবসায়ীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানিয়ে ইয়াহইয়া চৌধুরী বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকার সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে ব্যর্থ হয়েছে। সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, ভারত তিস্তার পানি বণ্টন চুক্তির মুলা ঝুলিয়ে রেখেছে। তাদের আমরা অনেক দিয়েছি। কিন্তু ভারত আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
ইয়াহইয়া আরও বলেন, পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতা আমাদের কাছে সুখকর নয়। আশঙ্কা করা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনও একই রকম হবে। কারণ নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, জেএমবি বাংলাদেশে আইএসের প্রতিনিধি হিসেবে কর্মকাণ্ড চালাচ্ছে। এর দায়দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে। পাকিস্তান বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে। একই সময়ে খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন। ঢাকার পাকিস্তানি দূতাবাসের ষড়যন্ত্রকারীদের মতো ভূমিকা পালন করছেন। এ সময় বাদশা জ্বালানি তেলের দাম কমানোর দাবিও জানান।
পার্বত্য চুক্তির পুরোপুরি বাস্তবায়ন দাবি করে স্বতন্ত্র সাংসদ উষাতন তালুকদার বলেন, পার্বত্য এলাকায় যে অসন্তোষ তার কারণ বঞ্চনা ও অবহেলা। পাহাড়ের বৈশিষ্ট্য সংরক্ষণ করে ভূমি বিরোধ এখনো নিষ্পত্তি করা হয়নি। চুক্তিকে অবহেলা করা হলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হতে পারে।
বক্তব্যের সময় শিক্ষামন্ত্রী না থাকায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সরকারি দলের সাংসদ এ কে এম আবদুল আউয়াল। স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, এমপিওভুক্তির দাবি জানাব কার কাছে? শিক্ষামন্ত্রী নেই।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন ফাতেমাতুজ জোহরা, সেলিনা জাহান, কামরুন লায়লা ও গোলাম মোস্তফা বিশ্বাস প্রমুখ।