ব্যাংক কর্তৃপক্ষের কাছে টাকা হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের চুরি হওয়া টাকা গতকাল বুধবার কিশোরগঞ্জের উপমহাব্যবস্থাপক শেখ আমানুল্লাহর কাছে হস্তান্তর করা হয়েছে। এ চুরির সঙ্গে জড়িত হাবিবুর রহমান ওরফে সোহেল রানা ওরফে ইউসুফ মুন্সি ও ইদ্রিসকে গতকাল ঢাকা থেকে কিশোরগঞ্জ আনা হয়েছে।

এদিকে সুড়ঙ্গ খুঁড়ে চুরির ঘটনায় আটক ১২ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১০ জনকে গতকাল বুধবার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। এখনো পুলিশ হেফাজতে থাকা দুই কর্মকর্তা হলেন মো. আজিমউদ্দিন (ক্যাশ) ও এমএলএসএস আবু বকর সিদ্দিক। মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেন।

সুড়ঙ্গ খুঁড়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাংকের আঞ্চলিক কার্যালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান মো. আলতাফ হোসেন বলেন, ‘আমাদের কাজ ছিল, ব্যাংকের সমুদয় টাকা গুনে দেখা ও স্থিতিপত্র তৈরি করা। ইতিমধ্যে প্রতিবেদন তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। চুরি যাওয়া টাকার অঙ্ক সঠিক পাওয়া গেছে।’ 

ঢাকার প্রধান কার্যালয় থেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান মহাব্যবস্থাপক মো. হাসান ইকবাল বলেন, সার্বিক বিষয় ও ঘটনা তদন্ত করতে হবে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তদন্ত প্রতিবেদন তৈরির আগে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

র‌্যাব সদস্য ঢাকার পোস্তগোলার শ্যামপুর কদমতলা এলাকায় একটি ভবন থেকে হাবিব ওরফে সোহেল ও ইদ্রিসকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ বস্তা টাকা (১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা) উদ্ধার করা হয়।

এদিকে কথিত সোহেল যে সুড়ঙ্গ করে ২৪ জানুয়ারি ব্যাংকের ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করেন—গতকালও সেই সুড়ঙ্গ দেখতে আসে অসংখ্য মানুষ। তবে আগের দিন মঙ্গলবার বিকেলে আদালতের অনুমতি নিয়ে সুড়ঙ্গটি বন্ধ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

সুড়ঙ্গ সম্পর্কে শহরের নরসুন্দা কনসাল্টিং ফার্মের পরিচালক মো. মাহবুব আলম বলেন, ৩০ ফুট লম্বা ও চার ফুট বাই তিন ফুট সুড়ঙ্গ করতে কমপক্ষে ৪০০ ফুট মাটি সরাতে হয়েছে। এ মাটি সরাতে কমপক্ষে তিনটি ট্রাক্টর লাগত। ঘরে যে মাটি পাওয়া গেছে, তা খুবই সামান্য।