ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যা: সাবেক স্বামী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা মামলার একমাত্র আসামি তাঁর সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই আদেশ দেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আরিফা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আসামি ফখরুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার। নিহত আরিফার সাবেক স্বামী ফখরুলকে গতকাল শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৬ মার্চ ১৩ ওয়েস্টয়েন্ড স্ট্রিটের আবাসিক একটি ভবনে নিজ বাসার সামনে ছুরিকাঘাত করা হয় আরিফুন্নেসা আরিফাকে। পরে হাসপাতালে তিনি মারা যান।
জামালপুরের মেয়ে আরিফা ইডেন কলেজে পড়ার সময় একই এলাকার বাসিন্দা ফখরুল ইসলামকে বিয়ে করেন। ফখরুলদের বাড়িও ওই একই শহরে। রাজধানীর বেসরকারি একটি প্রতিষ্ঠানে সেলস ডিপার্টমেন্টের কর্মী ফখরুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ব্যবস্থাপনা পড়েন।

আরিফা ওয়েস্টয়েন্ড স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের একতলায় সাবলেট নিয়েছিলেন সাত-আট মাস আগে। তাঁর সঙ্গে থাকতেন মা আফিফা জামান। আফিফা কিছুদিন ধরে অন্যত্র অবস্থান করায় সপ্তাহ দুয়েক আরিফা একাই ছিলেন ওয়েস্টয়েন্ডের ওই বাসায়।