ব্যাংক কর্মকর্তা সাংবাদিকসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গতকাল রোববার হিউম্যান হলারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই দিন লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন। গত শনিবার শেরপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে কৃষি ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের গার্ড ফখরুল আলম দীর্ঘদিন ধরে ভৈরব চণ্ডীবের রেলওয়ে কলোনিতে বাস করেন। গতকাল বিকেলে অটোরিকশায় করে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে পৌঁছালে একটি হিউম্যান হলার অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। হাসপাতালে নেওয়ার পথে ফখরুল মারা যান। আহত হন যানটির আরও তিনজন যাত্রী।
লক্ষ্মীপুর: পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দুপুরের পর সাংবাদিক জাকির হোসেন (৩৮) ঢাকা-রায়পুর মহাসড়কে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চৌমুহনীগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর গ্রামে। তিনি নোয়াখালী থেকে প্রকাশিত জাতীয় নুর পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। অপর দিকে, লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের সর্দারবাড়ী এলাকায় সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
শেরপুর: গত শনিবার শেরপুর-নালিতাবাড়ী সড়কে শেরপুর সদর উপজেলার কয়া রোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। গুরুতর আহত অটোরিকশার যাত্রী কৃষি ব্যাংকের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল শাখার কর্মকর্তা মো. আবদুর রহিম বাবুলকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তিনি মারা যান। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে।