ব্যাংক কর্মকর্তাকে ছাত্রলীগের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সোনালী ব্যাংকের প্রধান শাখার এক কর্মকর্তা দ্রুত কাজ শেষ না করায় তাঁকে গালাগাল করে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা৷ এ নিয়ে দুজনের মধ্যে বাগ্িবতণ্ডা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে৷
কিন্তু বাগ্বিতণ্ডার সময় ব্যাংক কর্মকর্তা ছাত্রলীগের নেতাকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারেন বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির নেতা-কর্মীরা৷ তাঁরা ওই ব্যাংক কর্মকর্তার শাস্তির দাবিতে কলেজ মোড়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন৷ পরে পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্রলীগ।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ব্যাংককর্মীরা জানান, বেলা ১১টার দিকে ব্যাংকে নগদ উত্তোলন ও জমা কাউন্টারের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি ছিল৷ এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী লাইনচ্যুত হয়ে তাঁদের কাজটি দ্রুত সারতে চাপ দেন। কিন্তু সারিতে দাঁড়ানো অন্য গ্রাহকদের আপত্তির কারণে নেতা-কর্মীদের চালান গ্রহণের কাজ শেষ করতে দেির হয়। এতে ক্ষিপ্ত হয়ে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই-খোদা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা (নগদ) মোক্তার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ব্যাংকের বাইরে বের হলে দেখে নেওয়ার হুমকি দেন। তখন মোক্তারের সঙ্গে কুদরতের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে৷
ঘটনার পরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কাজ শেষ করে ব্যাংকের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে ব্যাংক কর্মকর্তা মোক্তারের শাস্তি দাবি করেন৷ তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন৷
এ ব্যাপারে ছাত্রলীগের নেতা কুদরত-ই খুদার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে তাঁর পক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ বলেন, সকালে কুদরত অন্যের কাজে সোনালী ব্যাংকে যান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও ব্যাংক কর্মকর্তা তাঁর কাজ শেষ করতে গািফলতি করেন। এর প্রতিবাদ করলে ব্যাংক কর্মকর্তা বোতল ছুড়ে মারেন বলে তিনি অভিযোগ করেন৷
অভিযোগ অস্বীকার করে মোক্তার হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতা কুদরত সবার সামনে আমাকে গালিগালাজ করেন৷ এর প্রতিবাদ করলে তিনি দেখে নেওয়ার হুমকি দিয়েছেন৷ আমি কাউকে বোতল ছুড়ে মারিনি৷’