ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি হাইস্কুলে আগুন দেওয়ার ঘটনায় ন্যাশনাল ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক ওয়াশিবুল হক চিশতিকে গতকাল সোমবার থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে পারদিয়ারা গ্রামে আরেকটি স্কুল স্থাপনের কথা। এ নিয়ে কোনো বিরোধ আছে কি না, জানতে ন্যাশনাল ব্যাংকের গাইবান্ধা শাখার ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই স্কুলের জন্য পারদিয়ারা গ্রামের মজিবর রহমান আগ্রহ প্রকাশ করেন। মজিবরের ছেলে রনজু মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
ওসি আরও বলেন, আটক রনজু মিয়াকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত স্কুলটির শ্রেণিকক্ষ নির্মাণ এবং আসবাব কিনতে ৬৫ হাজার টাকা ও ১৫ বান্ডিল ঢেউটিন অনুদান দিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ১ লাখ টাকার সহায়তা দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি হাইস্কুলে আগুন দেয় দুর্বৃত্তরা।