সোনালী ব্যাংকের ফেনীর সোনাগাজী শাখা থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মিজানুর রহমান (৫০) নামের এক কর্মকর্তাকে গত বৃহস্পতিবার রাতে পুলিশে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজী শাখার জুনিয়র কর্মকর্তা (গ্রেড-২) মিজানুর রহমান অভিনব কায়দায় ২০ লাখ ৮৫ হাজার ৮১৭ টাকা আত্মসাৎ করেন। ২০১২ সালের ২৬ আগস্ট ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় এই আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। ওই সময় মিজানুর রহমান আত্মসাতের সত্যতা স্বীকার করে আত্মসাৎ করা টাকা পরিশোধের মৌখিক অঙ্গীকার করেন। ব্যাংক সূত্র জানায়, মিজানুর রহমান এরপর ব্যাংকে যাওয়া বন্ধ করে দেন। টাকা পরিশোধ না করায় ব্যাংকের সোনাগাজী শাখার ব্যবস্থাপক রহিম উল্লাহ খোন্দকার কিছুদিন আগে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেন।ব্যাংক সূত্র জানায়, সাড়ে পাঁচ মাস পলাতক থাকার পর মিজানুর রহমান গত বৃহস্পতিবার ব্যাংকে উপস্থিত হন। ব্যাংক কর্তৃপক্ষ সারা দিন নানা কায়দায় টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাতে মিজানুর রহমানকে পুলিশে সোপর্দ করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, মিজানুর রহমানকে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হবে।