ব্যাংক কর্মকর্তাকে হত্যার দায়ে এক জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ব্যাংক কর্মকর্তাকে হত্যার দায়ে বিল্লাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর এ রায় ঘোষণা করেন।
মামলার নথি ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রূপালী ব্যাংকের সিঙ্গাইরের বায়রা বাজার শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান জেলা শহরের একই ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে নিজ কার্যালয়ে ফিরছিলেন। পথে সিঙ্গাইর-বায়রা সড়কের বায়রা এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে গুলি করে হত্যা করে টাকা লুট করে। ওই দিনই ব্যাংকের বায়রা শাখার কোষাধ্যক্ষ আকতার হোসেন সিঙ্গাইর থানায় চারজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন সিঙ্গাইরের বিল্লাল হোসেন ও আবুল হোসেন এবং নরসিংদীর আবুল কালাম ও ভুনু মিয়া। মামলার প্রধান আসামি বিল্লালকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা ওই চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আবুল হোসেন মারা যান। গতকাল অপর তিন আসামির উপস্থিতিতে বিচারক বিল্লালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অন্য দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের মামলা থেকে অব্যাহতি দেন।
রাষ্ট্রপক্ষে (বাদীপক্ষ) মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মথুরনাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন মো. আসাদুজ্জামান।