ব্যাংক কর্মকর্তাকে হত্যার রহস্য উদঘাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে ব্যাংক কর্মকর্তা হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে পুলিশ দাবি করছে। পুলিশ জানিয়েছে, পরকীয়ার টানে স্ত্রী ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করেছেন। গত সোমবার রাতে প্রেমিকসহ স্ত্রী পেয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ব্যাংক কর্মকর্তা দবির বেপারীকে (৫৫) প্রথমে শ্বাসরোধ করে এবং পরে কুপিয়ে হত্যা করা হয়। মুঠোফোনের কললিস্ট থেকে মূল হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। হত্যার পর স্ত্রী পেয়ারা বেগম (৪২) পুলিশকে কল্পকাহিনি সাজিয়ে জমিজমাসংক্রান্ত বিরোধের কথা বলেন। তিনি ব্যাংক কর্মকর্তার আপন ভাই ও ইউপি সদস্যসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁদের বড় ছেলে সাইমুন বেপারী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পেয়ারা বেগমের কথা ও চালচলন দেখে সন্দেহ হলে তদন্ত করে আসল ঘটনা বের করা হয়। পেয়ারা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় পেয়ারা বেগম আগে থেকে ঘরের দরজা খুলে রাখেন। মাসুদ মিয়া তাঁর সহযোগীকে নিয়ে ঘরে ঢোকেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী পেয়ারা বেগমের চোখ-মুখ, হাত-পা বেঁধে ফেলেন। পরে দবির বেপারীকে ঘুমন্ত অবস্থায় প্রথমে শ্বাসরোধ ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। খুনিরা ঘর থেকে বেরিয়ে গেলে পেয়ারা বেগম চিৎকার দিয়ে প্রতিবেশীদের জানান। পরে লোকজন পুলিশকে খবর দেন। শিবচর থানার পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, হত্যার পর থেকেই ব্যাংক কর্মকর্তার স্ত্রী পেয়ারা বেগমের আচরণে সন্দেহ হয়। এর পর থেকে ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর মুঠোফোনের কললিস্ট যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়। এতেই পরকীয়া প্রেমের কাহিনি বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি সব তথ্য পুলিশকে জানান। আটক প্রেমিক কাজী আবদুল কুদ্দুস (৩৫) বলেন, পেয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর প্রেমের সম্পর্ক। তবে ব্যাংক কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা সাংবাদিকদের কাছে তিনি অস্বীকার করেন। পেয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘স্বামীর সঙ্গে আমার সম্পর্ক খুব খারাপ ছিল। ক্ষিপ্ত হয়ে তাঁকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনা করি। এ জন্য বেইলি ব্রিজ এলাকার লতিফ বেপারীর ছেলে মাসুদ মিয়ার সঙ্গে এক লাখ টাকায় চুক্তি হয়। স্বামীকে হত্যা করে আমি অনেক পাপ করেছি। আমার পাপের জন্য সাজা হওয়া উচিত।’ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রাসেল শেখ বলেন, স্ত্রী পেয়ারা বেগম জানিয়েছেন যে ব্যাংক কর্মকর্তাকে হত্যার সঙ্গে দুজন জড়িত ছিল। কিন্তু হত্যার সময় আরও ভাড়াটে খুনি থাকতে পারে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যাদুয়ারচর গ্রামে সোনালী ব্যাংক শিবচর শাখার কর্মকর্তা মো. দবির বেপারীকে হত্যা করা হয়।