ব্যাংক কর্মকর্তার আপত্তিকর ছবি তুলে চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে এক ব্যাংক কর্মকর্তাকে ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই নারীসহ ছয়জন পলাতক রয়েছে।গ্রেপ্তার হওয়া ওই প্রতারকের নাম সুমন (২৫)। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর শহরের জানপুর ব্যাংকপাড়া মহল্লায়। এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তা সদর থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, জানপুর ব্যাংকপাড়া মহল্লার বাসিন্দা কোরবান আলীর বাড়িতে গত বৃহস্পতিবার দুপুরে সুমন কৌশলে রতন, জাহাঙ্গীর, তোবারক, লিটন মিয়া ও দুই নারীকে ঢুকিয়ে দেন। বাড়িতে ঢুকে ওই দুই নারী কোরবান আলীকে জাপটে ধরেন। এ সময় প্রতারকচক্রের অন্য সদস্যরা ওই নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর ছবি তোলেন। পরে তাঁরা ওই ছবি প্রকাশ করার হুমকি দিয়ে কোরবান আলীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁরা কোরবান আলীর কাছ থেকে দুই লাখ টাকার একটি চেক সই করিয়ে নেন।মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, শেষে প্রতারকচক্রের সদস্যরা কোরবান আলীর বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে কোরবান আলী বিষয়টি র‌্যাব সদস্যদের জানান। বিকেল চারটার দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে সদর থানায় সোপর্দ করেন। সুমনের বাকি সহযোগীরা পালিয়ে যান। কোরবান আলী রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের স্থানীয় একটি শাখার কর্মকর্তা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তার হওয়া সুমন এ ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই চক্র আগেও নারীদের ব্যবহার করে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।