ব্যাংক কর্মকর্তার নেওয়া ঘুষের টাকা ফেরতের দাবি
রংপুরের পীরগাছায় ক্ষুদ্রঋণ বিতরণের নামে সোনালী ব্যাংক পীরগাছা শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ঘুষের টাকা ফেরত চেয়ে ১৩ নভেম্বর সোনালী ব্যাংক রংপুর প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জানা গেছে, সোনালী ব্যাংক লিমিটেড পীরগাছা শাখার মাধ্যমে ৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ২ ও ৩ নভেম্বর প্রত্যেককে ৪৯ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এই ঋণ বিতরণের দায়িত্বে ছিলেন সোনালী ব্যাংক পীরগাছা শাখার সহকারী ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন। তিনি ঋণ বিতরণে ঋণ গ্রহীতাদের কাছ থেকে ছয় থেকে আট হাজার টাকা করে ঘুষ নেন। ঘুষ ছাড়া এই ঋণ পাওয়া যাবে না বলেও তিনি ঋণ গ্রহীতাদের ভয় দেখান।চৌধুরানী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা তহমিনা বেগম বলেন, ‘জসিম উদ্দিন ঘুষের আট হাজার টাকা কেটে রেখে ঋণের বাকি টাকা আমাকে হাতে ধরিয়ে দেন। ঘুষ ছাড়া কোনো শিক্ষক-কর্মচারী ব্যাংক থেকে এই ঋণ পাচ্ছেন না।’ পবিত্রঝাড় সিনিয়র মাদ্রাসার প্রভাষক লুৎফর রহমান বলেন, ‘এই ঋণ নিতে ঘুষের টাকা দিতে চাইনি বলে জসিম উদ্দিনের সঙ্গে আমার তকাতর্কি হয়েছে। শেষে বাধ্য হয়ে ঘুষ দিয়ে ঋণ নিতে হয়েছে।’ সোনালী ব্যাংক পীরগাছা শাখার ক্ষুদ্রঋণ বিতরণকারী কর্মকর্তা জসিম উদ্দিন টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, এই ঋণের কিছু খরচ আছে। তাই খরচ হিসেবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে ঋণগ্রহীতাদের কাছ থেকে নেওয়া হয়েছে। সোনালী ব্যাংক পীরগাছা শাখার ব্যবস্থাপক মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।সোনালী ব্যাংক রংপুর প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।