ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি অস্ত্রের মুখে লুট
রাজধানীর শান্তিবাগে গতকাল বুধবার ভোরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ডাকাতরা ওই বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মতিঝিল থানা সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে এক দল ডাকাত ২৮৭/৩ শান্তিবাগের চার তলা ভবনের তৃতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা শিল্প ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক লুৎফর রহমানসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। তারা স্টিলের আলমারি ভেঙে ১০০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮০ হাজার টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মতিঝিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এ ব্যাপারে লুৎফর রহমান বাদী হয়ে থানায় একটি ডাকাতির মামলা করেন। তবে লুট হওয়া টাকা ও অলঙ্কার উদ্ধারে অভিযান চলছে।