ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেনের বিরুদ্ধে কুমিল্লা নগরের হালুয়াপাড়া এলাকার এক নারী গ্রাহকের ১৯ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে মোশারফের পরিবারের দাবি গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে অপহরণ করা হয়েছে। 

যমুনা ব্যাংকের গ্রাহক দেলোয়ারা বেগম দাবি করেন, ‘আমি জমি বিক্রি করে পাওয়া ১৯ লাখ ৮০ হাজার টাকা ওই ব্যাংকে জমা রাখি। এরপর ব্যাংকের ব্যবস্থাপক মোশারফ হোসেন আমার কাছে ছয় লাখ টাকা ধার চান। একই সঙ্গে চারটি চেকে সই নেন। এরপর গত ৫ এপ্রিল দুটি চেক দিয়ে ছয় লাখ টাকা করে এবং ৬ এপ্রিল দুটি চেক দিয়ে তিন লাখ ও চার লাখ ৮০ হাজার টাকা তুলে নেন। গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখি আমার হিসাব নম্বরে কোনো টাকা নেই। ব্যাংকের ব্যবস্থাপকও কর্মস্থলে আসেননি। এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করি। মামলায় ব্যবস্থাপককে আসামি করি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযোগ করি। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে এখান থেকে বৃহস্পতিবার প্রত্যাহারও করে।’
এদিকে আজ শুক্রবার বিকেল তিনটার দিকে কুমিল্লা প্রেসক্লাবে মোশারফের ছোট ভাই শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, তাঁর ভাইকে অপহরণ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘ব্যবস্থাপকের পরিবার নিখোঁজের জিডি করেছে। কোনো ধরনের অপহরণের জিডি করেনি। ওই ব্যবস্থাপকের বিরুদ্ধে বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। টাকা নিয়ে তিনি পালিয়েছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অপহরণের অভিযোগ সঠিক নয়।’