ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ
নড়াইলের লোহাগড়া বাজার শাখার রূপালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজিত কুমার রায়ের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়তই গ্রাহকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলে কয়েকজন গ্রাহক জানান।এসএইচবিআর আলিম মাদ্রাসার প্রভাষক আবু আবদুল্লাহ অভিযোগ করেন, গত মঙ্গলবার সকালে মাদ্রাসার বেতন-ভাতার বিল জমা দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিত কুমার রায় রাগান্বিত স্বরে বলেন, ‘বিলে কোনো ভুল থাকলে বেতন স্থগিত থাকবে। আমি আট থেকে ১০ দিনের ছুটিতে যাব। ছুটি থেকে আসার পর বিল পাবেন।’ আপনি না থাকলেও টেবিলে কেউ না-কেউ তো থাকবেন—এ কথা বলায় তিনি কাগজপত্র ছুড়ে ফেলে দেন।লোহাগড়া বাজার মসজিদের ইমাম আবদুল মান্নান বলেন, ‘এর আগে আমি বেতনের বিল জমা দিলে তিনি না দেখেই আমাকে ধমকের সুরে বলেন, “বিলের লেখায় কোনো ভুল থাকলে ছুড়ে ফেলে দেব এবং ৫০০ টাকা জরিমানা দিতে হবে।”’লক্ষ্মীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম জানান, এর আগে বিদ্যালয়ের বেতন-ভাতার বিল জমা দিলে এগুলোর সঙ্গে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের কাগজপত্র না থাকায় ওই কর্মকর্তা ব্যবস্থাপকের সামনে তাঁর কাগজপত্র ছুড়ে ফেলে দেন। এর প্রতিবাদ করায় ওই কর্মকর্তা তাঁকে গালিগালাজ করেন।গতকাল বুধবার অভিযুক্ত সুজিত কুমার রায়কে ব্যাংকে গিয়েও পাওয়া যায়নি। বহুবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক অরূপ কুমার পোদ্দার বলেন, ‘সুজিত কুমার রায় আজ (বুধবার) থেকে আট দিনের ছুটিতে আছেন। তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগেও পেয়েছি। সে জন্য তাঁকে জনসংযোগের কাজ থেকে সরিয়ে রেখেছি। মঙ্গলবার একজন কর্মকর্তা ছুটিতে থাকায় তাঁকে জনসংযোগসম্পৃক্ত কাজে বসিয়েছিলাম। পরে আবার সরিয়ে নিয়েছি।’