সোনালী ব্যাংক লিমিটেডের গাইবান্ধার সাদুল্যাপুর শাখার ৫৬ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ওই শাখার কনিষ্ঠ কর্মকর্তা সিবিএ নেতা জিল্লুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার ওই শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মামলাটি দায়ের করেন।পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওই শাখা থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বাবদ জমা হওয়া ৫৬ লাখ ৬৪ হাজার ৯১০ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ব্যাংকের ওই শাখার সিবিএ নেতা জিল্লুর রহমান ১০ জন শিক্ষকসহ তাঁর শ্যালক ফেরদৌস বারীর ব্যক্তিগত হিসাবে ওই পরিমাণ টাকা জমা করেন। পরে তিনি সুযোগ বুঝে শিক্ষকদের কাছ থেকে আগাম স্বাক্ষর করে নেওয়া ১২-১৩টি চেকের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। সোনালী ব্যাংক গাইবান্ধা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সামাদ অভিযোগ করেন, সিবিএ নেতা জিল্লুর রহমান দাদন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকদের স্বাক্ষর করা চেকবই নিজের জিম্মায় রেখে ওই হিসাবগুলো থেকে টাকা তুলে নিয়ে ব্যবসায় লগ্নি করতেন। শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, ১৮ সেপ্টেম্বর ব্যাংকের হিসাব মেলাতে গিয়ে শিক্ষক-কর্মচারীর বেতন হিসাবে ১৩ লাখ ৯৫ হাজার টাকা ঘাটতি দেখা দেয়। পরে অনুসন্ধানে জানা যায়, জিল্লুর রহমান সুকৌশলে ওই পরিমাণ টাকা তিনজন শিক্ষকের ব্যক্তিগত হিসাবে জমা করে তা উত্তোলন করেছেন। বিষয়টি তাৎক্ষণিক উপমহাব্যবস্থাককে জানানো হয়। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর জিল্লুর রহমান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রমেন্দ্র নাথকে আহ্বায়ক ও প্রিন্সিপাল কর্মকর্তা আবদুল কাফিকে সদস্যসচিব করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।