ব্যাংক কর্মকর্তার সই জাল ১৩ লাখ টাকা খোয়া
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জনতা ব্যাংকের শাখা থেকে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর জাল করে ১৩ লাখ টাকা তুলে নিয়ে গেছে দুই প্রতারক। গত মঙ্গলবার দুটি হিসাব নম্বর থেকে মোট সাতটি চেকের মাধ্যমে টাকা তোলা হলেও ব্যাংকের কর্মকর্তা বিষয়টি ধরেন রাতে হিসাব মেলানোর সময়।
এদিকে সই জাল করে টাকা নিয়ে যাওয়ার ঘটনা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা ধামাচাপা দেওয়ার চেষ্ট করলে সন্দেহের সৃষ্টি হয়।
জনতা ব্যাংকের গৌরীপুর শাখার ব্যবস্থাপকসহ একাধিক কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সারা দিন ব্যাংকে স্বাভাবিক লেনদেন হয়। রাতে হিসাব মেলানোর সময় ১৩ লাখ টাকার গরমিল দেখা যায়। সারা দিনের লেনদেন মিলিয়ে দেখা যায়, আবুল কালাম (হিসাব নম্বর-১৬২২২) ও মো. কামালের (হিসাব নম্বর-১৬২৩৭) থেকে যথাক্রমে চারটি ও তিনটি চেকের মাধ্যমে মোট ১৩ লাখ টাকা তোলা হয়েছে। পরে ওই দুই হিসাব নম্বর ঘেঁটে দেখা যায়, দুটিতে মোট চার হাজার টাকা ছিল। গতকাল বুধবার বিষয়টি জানাজানি হলে ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এ ব্যাপারে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এতে ব্যাংকের ক্যাশ অফিসার ও ক্যাশের কর্মচারীদের গাফিলতি আছে। এ সময় কথা হয় ব্যাংকের ক্যাশ কর্মকর্তা আবদুল কদ্দুসের সঙ্গে। তিনি বলেন, ‘চেক পাওয়ার পর প্রথমে কম্পিউটারে তা যাচাই করা হয়। পরে আমার স্বাক্ষরসহ চেক পেমেন্ট শাখায় গেলে তাঁরা টাকা দেন। কিন্তু ওই দিন আমার জানামতে, এত বড় অঙ্কের কোনো চেক আসেনি। জালিয়াত চক্র আমার সই ও সিল নকল করে টাকা তুলে নিয়ে গেছে।’
এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তারা কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট অনেকের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। জানতে চাইলে শাখা ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন বলেন, ‘যেহেতু টাকা আমাদের নিজেদের হাত থেকে দিয়ে ব্যাংকের তহবিল পূরণ করেছি, তাই আইনের ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ ব্যাপারে জনতা ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক হাফিজুর রহমানের মুঠোফোনে ফোন করে ও খুদে বার্ত পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।