ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে গলা কেটে হত্যা
রংপুর নগরের শান্তিবাগ এলাকায় এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তার কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দিনের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, নগরের বিদ্যুৎ অফিসের পাশে শান্তিবাগ এলাকার বাপ্পি ছাত্রাবাসে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। নিহত পারুল বেগম (৪৮) পূবালী ব্যাংকের লালমনিরহাট শাখার ব্যবস্থাপক ও ছাত্রাবাস মালিক এমদাদ করিম মণ্ডলের স্ত্রী৷ তিনতলা বাড়ির দোতলা ও তৃতীয় তলায় আবাসিক ছাত্রাবাস। কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ছাত্রাবাসে বসবাস করেন। নিচতলায় এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁরা বসবাস করেন। ছেলে ঢাকায় পড়াশোনা করেন আর মেয়ে শহরেই তাঁর শ্বশুরবাড়িতে থাকেন৷