ব্যাংক কর্মকর্তাসহ চার ব্যক্তি খুন
ফরিদপুরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে খুন করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। যশোরে ইজিবাইকের চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সাতক্ষীরা ও বরিশালে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত সোম ও গতকাল মঙ্গলবার এসব ঘটনা ঘটে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
ফরিদপুর: নিহত ব্যাংক কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম (৫৫)। সোমবার রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাঁশাগাড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি সোনালী ব্যাংক হাটকৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
একই সঙ্গে তিনি ফুলসুতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ব্যাংকের কাজ শেষ করে মোটরসাইকেলে করে ফুলসুতি যাচ্ছিলেন জাহাঙ্গীর। বাঁশাগাড়িতে তাঁকে হত্যা করে মোটরসাইকেলটি ছিনতাই করা হয়।
যশোর: সদর উপজেলার পাগলাদহ গ্রামে মুক্তার হোসেন (৩৫) নামে ইজিবাইকের এক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার রাতে মুক্তারসহ কয়েকজন পাগলাদহ গ্রামের একটি বাগানে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা উপর্যুপরি কুপিয়ে মুক্তারকে হত্যা করে।
সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ফরেস্ট অফিসসংলগ্ন চুনে নদীর চর থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার
করে পুলিশ। নিহত যুবকের মাথা থেঁতলানো।
এ ছাড়া চোখে কাটা দাগ এবং বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলার ঘোলের হাটসংলগ্ন শ্রীপুর নদী থেকে গতকাল দুপুরে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।