সিলেটে জনতা ব্যাংকের পে-অর্ডার জালিয়াতি করে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক তিন ব্যাংক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের উপপরিচালক জালালউদ্দিন আহাম্মদ গতকাল রোববার সিলেট কোতোয়ালি থানায় অভিযোগপত্র দাখিল করেন।
দুই কোটি ৮৬ লাখ ৭৭ হাজার সাত টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক সিলেটের কুমারগাঁও শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ হারুন শাহ, ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. আবদুল কাশেম ও অনুপ কুমার দাশ এবং মেসার্স রহিম অ্যান্ড রহিম নামের সিলেটের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পারভেজ রশীদকে অভিযুক্ত করা হয়।
দুদক সূত্র জানায়, জনতা ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা ও পারভেজ রশীদের বিরুদ্ধে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি মামলা করে দুদক। মামলায় উল্লেখ করা হয়, মেসার্স রহিম অ্যান্ড রহিমের স্বত্বাধিকারী পারভেজ রশীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংকের কুমারগাঁও শাখা পাঁচ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৫৯৮ টাকার ৭২টি পে-অর্ডার ইস্যু করে। এর ১০টি পে-অর্ডার চেক হিসাবে কোনো টাকা না থাকার পরও দেওয়া হয়। দুদকের তদন্তে সুদাসলে দুই কোটি ৮৬ লাখ ৭৭ হাজার সাত টাকা আত্মসাতের প্রমাণ মেলে।
দুদক সিলেটের উপপরিচালক জানান, অভিযোগপত্রটি আদালতে উপস্থাপনের পর বিচারকাজ শুরু হবে।