চট্টগ্রামে অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখার চার কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৮৯৭ টাকা আত্মসাতের দুর্নীতির মামলায় ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে যাবজ্জীবন ও ছয়জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন। আত্মসাৎ করা এই টাকাগুলো দণ্ডাদেশপ্রাপ্তদের সম্পত্তি থেকে রাষ্ট্রের অনুকূলে জমা দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত।
বিচারক আদেশে আসামি হিসাবধারী স্বপন কুমার ঘোষ, ব্যাংকের সাবেক সিডি ইনচার্জ আবদুস শুক্কুর, লেজার কিপার তড়িৎ কান্তি সেন, সেকেন্ড অফিসার নির্মল মল্লিক ও হিসাররক্ষক মাঈনুদ্দিন চৌধুরীকে ৪০৯ ধারায় যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড, ৪২০ ধারায় সাত বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড, ৪৭১ ধারায় দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস, ৪৭৭ ক ধারায় পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। সবগুলো ধারায় দেওয়া সাজা একসঙ্গে চলবে। আসামিরা সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
হাজির থাকা আসামি ব্যাংকের সেকেন্ড অফিসার জয়তী প্রকাশ বড়ুয়াকে ৪০৯ ধারায় ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর, ৪২০ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড, ৪৭১ ধারায় দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড, ৪৭৭ ক ধারায় পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড। সবগুলো সাজা একসঙ্গে চলবে। সেই হিসাবে জয়তীর সাজা হচ্ছে ১০ বছরের সশ্রম কারাদণ্ড।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে চার কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৮৯৭ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় দুদক কর্মকর্তা আবু আরিফ সিদ্দিকী বাদী হয়ে ১৯৮৮ সালের ৬ জুন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এজাহারে ১৯৮৫ সালের ২৩ ডিসেম্বর থেকে পরের বছরের ৮ জুলাই পর্যন্ত সময়ে টাকাগুলো আত্মসাতের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করা হয় আসামিদের বিরুদ্ধে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।