ব্যাংক কর্মকর্তাসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বাগেরহাটের রামপালে বুধবার রাতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং কসবায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা পুলিশ ক্যাম্পের কাছে বুধবার রাতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আলী নিকারী (৫০), আরোহী অগ্রণী ব্যাংক চুলকাঠি বাজার শাখার কর্মকর্তা মো. মিজানুর রহমান (৫০) ও একই শাখার কর্মকর্তা (ক্যাশ) সুকান্ত কুমার কুণ্ড (৩২) নিহত হন। মিজানুর রহমানের বাড়ি রামপাল উপজেলার গোবিন্দপুর এবং সুকান্ত কুমারের বাড়ি ধলধা গ্রামে। গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকায় বুধবার যানজটে আটকে-পড়া ট্রাকের নিচে চাপা পড়ে চালকের সহকারী মাহবুব হোসেন (২২) নিহত হন। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলশীডাঙ্গা গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলার মিরপুকুরপাড় এলাকায় গতকাল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসচালকের সহকারী কসবার চান্দাইশার গ্রামের আরিফুল ইসলাম (১৫) নিহত হয় এবং কলেজছাত্রী নাইমা আক্তার, প্রিয়াঙ্কা সাহা, লাভলী আক্তারসহ পাঁচজন আহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি মালবাহী ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালকের সহকারী মো. সুজন মিয়া (২৫) নিহত হন।