সোনালী ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় ব্যাংকের এক কর্মকর্তাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ ঘটনায় করা মামলাগুলোর মধ্যে এটাই প্রথম রায়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা পলাতক। তাঁরা হলেন সোনালী ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপক সাইফুল হাসান এবং প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন ও পরিচালক সাইফুল ইসলাম।
সোনালী ব্যাংকের সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে হল-মার্ক, প্যারাগনসহ পাঁচটি প্রতিষ্ঠান একই কায়দায় ঋণ জালিয়াতি করে।
দুদকের করা মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা আত্মসাৎ করেন।
২০১৩ সালের ২৮ মে দুদকের সহকারী পরিচালক নাজমুচ্ছাদাত বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জুন চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। চার আসামির মধ্যে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।