ব্যাংক কর্মকর্তাসহ দুজনের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থেকে গত রোববার বেলাল হোসেন (৪০) নামের গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার বেলালের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত শনিবার বাজিতপুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় সিএনজিচালিত অটোরিকশার এক চালকের লাশ উদ্ধার করা হয়।
বেলালের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল গ্রামীণ ব্যাংক কটিয়াদী শাখায় কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লা সদরের টমছমব্রিজ এলাকায়। প্রায় ছয় বছর ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে ভৈরব পৌর শহরের নিউ টাউনে বসবাস করতেন। ওই দিন দুপুর ১২টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যান বেলালের স্ত্রী তাসলিমা। এ সময় তিনি একাই বাসায় ছিলেন। বেলা দুইটার দিকে প্রতিবেশীরা ঘরের মেঝেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে বেলালের স্ত্রী ও পুলিশকে খবর দেওয়া হয়।
বেলালের ছোট ভাই মোফাজ্জল হোসেন বলেন, ‘দাম্পত্য জীবনে আমার ভাই সুখী ছিলেন না। কারণ ভাবি কুমিল্লার একটি ছেলের সঙ্গে পরকীয়া করেন। আমাদের ধারণা, হত্যাকাণ্ডে ভাবির সম্পৃক্ততা থাকতে পারে।’
তাসলিমা বলেন, ‘ওই দিন আমি ছেলেকে নিয়ে স্কুলে যাই। স্কুলে থাকা অবস্থায় স্বামীর মৃত্যুর কথা জানতে পারি। কী কারণে ও কারা বেলালকে হত্যা করেছে—এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ তবে একটি ছেলের সঙ্গে তাঁর প্রেমের কথা তিনি স্বীকার করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, বেলালের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় রশি দিয়ে শ্বাসরোধে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় মোফাজ্জল হোসেন বাদী হয়ে তাসলিমাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
এদিকে শনিবার রাতে বাজিতপুরের সরারচর-ধূবীপাথর সড়কের পাশ থেকে আবুল কাসেম নামের (২৫) এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার হয়। আবুল কাসেমের বাড়ি কটিয়াদীর বেতৈর গ্রামে। নিহতের ভাই বাবুল মিয়া জানান, কাসেম গাড়ি চালাতে শনিবার সকালে ঘর থেকে বের হন। সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বাজিতপুর থানার ওসি রমজান মিয়া জানান, হাত-পা বেঁধে বুকে ছুরিকাঘাত করে কাসেমকে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।