ব্যাংক কর্মকর্তাসহ নিহত চার
পঞ্চগড়ে ট্রাক চাপায় আসাদুর রহমান সরকার (৫৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। জেলা শহরের লিচুতলা এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে গতকাল শুক্রবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া আরও তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে।
এ নিয়ে গত ১২৩ দিনে বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেল ১ হাজার ৬৬ জনের। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত আসাদুর রহমান শহরের ডোকরোপাড়া এলাকার বাসিন্দা এবং অগ্রণী ব্যাংকের পঞ্চগড় শাখার দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইজার উদ্দীন বলেন, বেলা ১১টার দিকে আসাদুর রহমান মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দেয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার জেলখানা এলাকায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ট্রাকচাপায় সাকিব সরদার (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়। সে শহরের পৌর এলাকার চরলক্ষ্মীপুর গ্রামের কেরামত সরদারের ছেলে। স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সাকিব। পথে নতুন বাজার জেলখানা এলাকায় একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
নাটোরের সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে বন্দর আগপাড়া এলাকায় গতকাল ভোরে ট্রাকের ধাক্কায় মঞ্জু হোসেন (২৫) নামের অপর এক ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত মঞ্জু হোসেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার করোজ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক হামিদুল ইসলাম বলেন, নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাককে বগুড়াগামী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ট্রাকের চালকের সহকারী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের চরভাবলা এলাকায় গতকাল দুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৩২) নামের এক বাসযাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। জাহানারা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরাশীপাড়া গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় গতকাল দুপুরে একটি বাসের সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবাদত হোসেনের সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন,
বেলা একটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। তবে ইউএনও অক্ষত আছেন।