ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তেলবাহী ট্যাংকলরির চাপায় মো. রাসেল (২৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। গত রোববার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল সোমবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এলাকায় ট্রাকের চাপায় আবদুল হামিদ (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন সরকার বলেন, রোববার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ওই এলাকায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরি একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ওয়ান ব্যাংক শাহজাদপুর শাখার কর্মকর্তা রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। কিশোরগঞ্জ থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাজেডুমুরিয়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আবদুল হামিদ নিজ বাড়ি থেকে বাইসাইকেলে করে বড়ভিটা বাজারে যাচ্ছিলেন। পথে রংপুর-জলঢাকা সড়কের ওপর তিনি বাইসাইকেলসহ পড়ে যান। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।