ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট ও এক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুরের খামারপাড়া গ্রামের বাসিন্দা বিমানবাহিনীর সার্জেন্ট (ঢাকায় কর্মরত ছিলেন) মো. আশরাফুল ইসলাম (৩৫), জয়পুরহাটের আক্কেলপুরের কদুরা গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার ক্যাশ কর্মকর্তা আতাউর রহমান (৫২), নওগাঁ সদরের হাজীপাড়া গ্রামের আনিসুর রহমান (৫২), কুনাইল গ্রামের আবদুল কদ্দুস (২৮) ও ঢাকার সাভারের ডগরমুড়া গ্রামের জমির আলী (৩৫)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ থেকে ডিপজল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে তিনটার দিকে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান, আবদুল কদ্দুস ও জমির আলী নিহত হন। এ সময় আহত ব্যক্তিদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশও তাঁদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম ও আতাউর রহমান মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মো. আশরাফুল ইসলাম ও আতাউর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।