বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল রোববার একটি যাত্রীবাহী বাস উল্টে এক ব্যাংক কর্মকর্তা নিহত এবং এক এইচএসসি পরীক্ষার্থীসহ ২২ জন আহত হয়। রাজশাহীর গোদাগাড়ী, বাঘা এবং ঠাকুরগাঁও ও নীলফামারীতে গতকাল সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নয়জন এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়ার চাঁপাপুর চৌমুহনী সড়কের আলতাফনগর খিহালী এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী রূপালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা এমদাদুল হক (৩২) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি আদমদীঘির কুণ্ডগ্রামে। এ দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ আরও ২২ যাত্রী আহত হয়। এইচএসসি পরীক্ষার্থী দেলোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।রাজশাহী: গোদাগাড়ীর সাধুর মোড়ে গতকাল বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত একটি অবৈধ যান নসিমন উল্টে আশা (৫) নামের এক শিশু নিহত হয়েছে ও বরসহ ২৮ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে বর রিপনের (২৫) বাবা তানোর উপজেলার তানোর গ্রামের ইনসান (৪৫), আত্মীয় হাসান (১৮), সাত্তার (৭৫), শুভ (৯) ও টাকিকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বাঘার আশরাফপুর এলাকায় অবৈধ যান দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৬০) নামের অন্য এক ব্যক্তি নিহত হন।ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামের মো. আলী ফিলিং স্টেশনের কাছে রোববার একটি যাত্রীবাহী বাসের চাপায় আবদুল হামিদ (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন্তাজুল হকের ভাই।নীলফামারী: ডোমার-আমবাড়ি সড়কের শিয়ালডাঙ্গী এলাকায় গতকাল ট্রাক্টরের ধাক্কায় প্রেমানন্দ রায় (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হন। তাঁর বাড়ি উপজেলার হলহলিয়া গ্রামে।লালপুর (নাটোর): লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলা এলাকায় গতকাল ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবৈধ যান ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির যাত্রী নয়জন এইচএসসি (বিএম) পরীক্ষার্থী আহত হয়। এতে গোপালপুর পৌর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী আরজিনা খাতুন, পাপ্পু হাসান, ফারজানা খাতুন, শাহিনা খাতুন, জান্নাতুল মোস্তারি, সাবিনা ইয়াসমিন, রঙ্গিলা খাতুন, শারমিন সুলতানা ও অধরা চৌধুরী আহত হয়। তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।