চট্টগ্রামের সীতাকুণ্ডে পূবালী ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ৫০ লাখ টাকা ‘খোয়া’ যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের দ্বিতীয় দফায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহিদুল্লাহ কায়সার শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত শুক্রবার আসামিদের জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পূবালী ব্যাংকের সাড়ে ৫০ লাখ টাকা খোয়া যাওয়ার মামলায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ মাহমুদ। শুনানি শেষে আদালত পূবালী ব্যাংকের চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার কর্মকর্তা (জুনিয়র অফিসার-ক্যাশ) রাজিবুর রহমান, ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান, মাজহারুল ইসলাম এবং গাড়িচালক বিজয় কুমার দাশের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার বিকেলে ব্যাংক কর্মকর্তা রাজিবুর রহমান চট্টগ্রাম নগরের শেখ মুজিব রোড শাখা থেকে সাড়ে ৫০ লাখ টাকা নিয়ে তিন নিরাপত্তারক্ষীসহ গাড়িতে করে সীতাকুণ্ড শাখায় যান। সেখান থেকে আরও ৮১ লাখ টাকা সংগ্রহ করে তিনি চট্টগ্রাম নগরের সিডিএ করপোরেট শাখার উদ্দেশে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর চালক রাজিবুর রহমানকে জানান, গাড়ির পেছনের ডালা খোলা। এ সময় তিনি দেখেন, গাড়িতে থাকা দুটি বস্তার একটি নেই। ওই বস্তায় সাড়ে ৫০ লাখ টাকা ছিল। পরে তাঁরা গাড়ি ঘুরিয়ে সীতাকুণ্ড শাখায় ফিরে যান। সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক আবদুস সবুর পাঁচজনকেই থানায় নিয়ে যান। পরে রাতে সিডিএ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, প্রথম দফার রিমান্ডে আসামিরা একেক সময় একেক তথ্য দিচ্ছেন। এ জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়।